ঐক্য সরকার গঠনে ক্ষমতা ছাড়তে প্রস্তুত নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলে ঐক্য সরকার গঠনের স্বার্থে সাময়িকভাবে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী নেতা গাদি আইজেনকোটের কাছে এমন প্রস্তাব

2026-11-29T17:58:36+00:00
2026-11-29T17:59:04+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ঐক্য সরকার গঠনে ক্ষমতা ছাড়তে প্রস্তুত নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ৫:৫৯ পিএম
অন্তর্বর্তিকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী নেতা গাদি আইজেনকোট।
অন্তর্বর্তিকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী নেতা গাদি আইজেনকোট।
ইসরায়েলে ঐক্য সরকার গঠনের স্বার্থে সাময়িকভাবে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী নেতা গাদি আইজেনকোটের কাছে এমন প্রস্তাব দিয়েছেন তিনি। প্রস্তাব অনুযায়ী, দুই নেতার মধ্যে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব ভাগাভাগি হবে। প্রথম মেয়াদে আইজেনকোট প্রধানমন্ত্রী থাকবেন। পরবর্তী মেয়াদে দায়িত্ব নেবেন নেতানিয়াহু।  

গত মাসের নির্বাচনের পর সরকার গঠনের চেষ্টা করছেন আইজেনকোট। রোববার (২৯ নভেম্বর) স্কাই নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর এ প্রস্তাব ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রীর ওপর তৈরি হওয়া রাজনৈতিক চাপের ইঙ্গিত দিচ্ছে। কারণ, আইজেনকট ইতোমধ্যে সম্ভাব্য জোটসঙ্গীদের সমর্থন পেতে শুরু করেছেন।  

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো দল বা জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এ পরিস্থিতিতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য মনোনীত করেন। নির্বাচনের ফলাফলে আইজেনকট কিংবা নেতানিয়াহু— কারও জন্যই সরকার গঠনের পথ সহজ হয়নি।

চলতি সপ্তাহে বাম ও ডানপন্থী দুটি দলের সঙ্গে জোট চুক্তি করেছেন আইজেনকট। এসব দলের সমর্থন পেলে সংখ্যাগরিষ্ঠতার আরও কাছাকাছি পৌঁছাতে পারবেন তিনি। 

এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও আইজেনকটের ইয়াশার পার্টির এক মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।

অন্যদিকে, এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি সরকারের নেতৃত্ব দেওয়ার অধিকার তারই রয়েছে। তবে অস্তিত্বের জন্য গুরুতর হুমকি এবং সেই বিপদ মোকাবিলায় অক্ষম সরকার গঠনের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, একজন নেতা হিসেবে তার দায়িত্ব হলো সবকিছুর ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেওয়া।


নির্বাচনে কী ঘটেছিল

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট একজন সাবেক সেনাপ্রধান। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আগ্রহী দলগুলোর জোটের নেতৃত্ব দিয়ে নির্বাচনে অংশ নেন তিনি। 

নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে নেতানিয়াহুর ধর্মীয়-জাতীয়তাবাদী জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের প্রায় ৬৭ জন সদস্য আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করেন। বিপরীতে, ৪৬ জন সদস্য নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেন।  

বিশ্লেষকদের মতে, আইজেনকোটের ইয়াশার পার্টি মূলত মধ্যপন্থী হিসেবে পরিচিত। সরকার গঠনে তার সামনে তিনটি বিকল্প রয়েছে। আরব দলগুলোর বাইরে থেকে সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন, অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে জোট করা কিংবা নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন।

এর আগে আরব ও অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করেছিলেন আইজেনকোট। তবে আরব নেতারা এখনো তাকেই প্রথমে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।    

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন আইজেনকোট। প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।  


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   ঐক্য সরকার  নেতানিয়াহু  ক্ষমতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: