‘স্বৈরাচার’ ও ‘গুপ্ত’রা এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে অচিরেই ‘স্বৈরাচার’ ও ‘গুপ্ত’রা এক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী

2026-10-12T01:55:08+00:00
2026-10-12T01:55:08+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জাতীয়
‘স্বৈরাচার’ ও ‘গুপ্ত’রা এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:৫৫ এএম 
ছবি : সংগৃহীত
রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে অচিরেই ‘স্বৈরাচার’ ও ‘গুপ্ত’রা এক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন পরিস্থিতি মোকাবিলায় দলের সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে দলের জন্য বড় পরীক্ষা উল্লেখ করে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন।

রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় এসব নির্দেশনা দেন তারেক রহমান। সভায় উপস্থিত একাধিক সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।

সন্ধ্যা সোয়া ছয়টায় শুরু হওয়া সভা চলে রাত সাড়ে নয়টা পর্যন্ত। এতে বিএনপির ১৯৪ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সভায় অন্তত ২৫ জন মন্ত্রী ও সংসদ সদস্য বক্তব্য দেন।

ইতিবাচক রাজনীতি ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ

সভাপতির বক্তব্যে তারেক রহমান গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখে ইতিবাচক ও পরিবর্তনশীল রাজনীতির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বিএনপি হামলা-মামলা, জেল-জুলুমের রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণের চাহিদা অনুযায়ী দলকে ইতিবাচক ও পরিবর্তনশীল রাজনীতি চালিয়ে যেতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সরকারকে নানা বৈরী পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে মব সৃষ্টির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতিতে সংসদ সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান। পাশাপাশি দখল ও চাঁদাবাজি বন্ধ এবং নারী নির্যাতন প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার তাগিদ দেন।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, এবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। অতীতে তাঁরা হয়তো অন্য একটি দলকে ভোট দিতেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের পরিবেশ বজায় রাখতে হবে।


স্থানীয় সরকার নির্বাচনকে বড় পরীক্ষা দেখছেন তারেক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে দলের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে। তাই এখন থেকেই সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় কাজ শুরু করতে হবে। স্থানীয় পর্যায়ে জনপ্রিয় ব্যক্তিদের প্রার্থী করার ওপর গুরুত্ব দেন তিনি।

দল-সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে দূরত্ব কমাতে হবে এবং তাঁদের পাশে রাখতে হবে। কোনোভাবেই সংগঠনকে দুর্বল হতে দেওয়া যাবে না।

স্থানীয় বাস্তবতা বিবেচনায় কর্মসূচি

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি এলাকার রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে কর্মসূচি প্রণয়নের পরামর্শ দেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, গোপালগঞ্জের রাজনীতি এক রকম, বগুড়ার রাজনীতি আরেক রকম। তাই এলাকার চাহিদা অনুযায়ী স্থানীয়ভাবে কর্মসূচি নিতে হবে। আগামী ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থান দিবসের কর্মসূচিও স্থানীয় বাস্তবতা বিবেচনায় পালনের পরামর্শ দেন তিনি।

আইনশৃঙ্খলা, মাদক ও সার ডিলার নিয়োগ নিয়ে আলোচনা

সভায় বক্তব্য দেওয়া সংসদ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়া, মাদকের বিস্তার এবং গ্রেপ্তারের পর মাদক কারবারিদের দ্রুত জামিনে মুক্তি পাওয়ার বিষয়গুলো তুলে ধরেন। সার ডিলার নিয়োগে অনিয়ম এবং ফ্যাসিবাদের দোসরদের ডিলারশিপ দেওয়ার অভিযোগও করেন তাঁরা।

এ সময় একজন সংসদ সদস্য অন্যের নির্বাচনী এলাকায় হস্তক্ষেপ না করার আহ্বান জানান। আরেকজন প্রতিমন্ত্রী চাকরিসহ সরকারের বিভিন্ন ক্ষেত্রে বিএনপির নেতা-কর্মীদের সুযোগ দেওয়ার চেষ্টা করা হবে বলে সংসদ সদস্যদের আশ্বস্ত করেন।

সভায় বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।

সভামঞ্চে সংসদ নেতা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এক পাশে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম এবং অন্য পাশে আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় বসেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   স্বৈরাচার  গুপ্ত  এমপি  তারেক রহমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: