রংপুরের তারাগঞ্জে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কুইক রেসপন্স টিমের (কিউআরটি) যৌথ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের পারঘাট সর্দারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) ভূষণ চন্দ্র বর্মনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্য ও কিউআরটির একটি দল অভিযান পরিচালনা করে। রোববার দুপুরে স্থানীয় এরশাদ আলীর পুকুরের দক্ষিণ-পশ্চিম কোণের পাড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন, তারাগঞ্জ উপজেলার পারঘাট সর্দারপাড়া এলাকার আকবর হোসেন (৩৮) ও মাসুদ (৪৭) এবং কোতোয়ালি সদর থানার ঈশ্বরপুর জোলাপাড়া এলাকার ফারুক (৩০) ও জরেজ ওরফে ভুট্টু (৫৬)।
পুলিশ জানায়, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ওই চারজন। পরে পুলিশ সদস্যদের সহায়তায় ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। এ সময় আকবরের লুঙ্গির কোচ থেকে ৪০ পিস, মাসুদের লুঙ্গির কোচ থেকে ১৭ পিস, ফারুকের শার্টের পকেট থেকে ১৫ পিস এবং জরেজ ওরফে ভুট্টুর শার্টের পকেট থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
পরে জব্দ করা মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তিদের তারাগঞ্জ থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
সময়ের আলো/জোই