সাধারণ পানির বোতলকে ব্যতিক্রমী নকশায় তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে উজবেকিস্তানের পানীয় জলের ব্র্যান্ড ‘এস্টেট ওয়াটার’। প্রতিষ্ঠানটি বাজারে এনেছে ডাম্বেল আকৃতির একটি পানির বোতল, যা একই সঙ্গে পানি সংরক্ষণ ও হালকা ব্যায়ামের কাজে ব্যবহার করা যায়।
বোতলটির ধারণক্ষমতা ৫ লিটার। এর মাঝের অংশটি এমনভাবে নকশা করা হয়েছে, যাতে সহজেই হাত দিয়ে ধরে তোলা যায়। প্রচলিত পানির বোতলের চেয়ে ভিন্ন এই নকশা দৈনন্দিন ব্যবহারের একটি পণ্যকে বহুমুখী করে তুলেছে।
পানি পান করার পাশাপাশি এটি দিয়ে বাড়িতে কিংবা কর্মক্ষেত্রে হাত ও কাঁধের হালকা ব্যায়াম করা সম্ভব। বিশেষ করে যারা শরীরচর্চার জন্য সহজলভ্য সরঞ্জাম খোঁজেন, তাদের কাছে বোতলটি আকর্ষণীয় হতে পারে।
বোতলটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, পানি শেষ হয়ে গেলেও এটি ফেলে দেওয়ার প্রয়োজন নেই। পুনরায় পানি, বালি কিংবা অন্য কোনো ভারী উপাদান দিয়ে পূর্ণ করে ব্যায়ামের সরঞ্জাম হিসেবে ব্যবহার করা যায়। এতে একই পণ্য দীর্ঘদিন ব্যবহারের সুযোগ তৈরি হয়।
সাধারণ একটি পণ্যে নতুন নকশার প্রয়োগ এবং পুনর্ব্যবহার ও শরীরচর্চায় ব্যবহারের সুযোগ- এই তিনটি বিষয়ই ডাম্বেল আকৃতির পানির বোতলটিকে আলোচনায় এনেছে।
সময়ের আলো/মহু