ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধী ইন্ডিয়া জোটের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে নয়াদিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ছয়টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সংসদ মার্গ থেকে সুপ্রিম কোর্টের উদ্দেশে কংগ্রেস ও ইন্ডিয়া জোটের নেতাদের নেতৃত্বে মিছিল শুরু হওয়ার কথা ছিল। এর আগে দুপুর ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এদিকে, মিছিল শেষে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য বিরোধী নেতাদের করা আবেদন নাকচ করেছে সুপ্রিম কোর্ট। ইন্ডিয়া জোটের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন। তবে বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ পর্যায়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করা সমীচীন হবে না বলে জানিয়েছে আদালত।
আবেদন প্রত্যাখ্যাত হলেও রাজনৈতিক ও আইনি পথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাহুল গান্ধীসহ বিরোধী জোটের নেতারা। সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিলের নেতৃত্ব দেওয়ার সময় দেশবাসীকে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান রাহুল। তিনি এ কর্মসূচিকে ‘গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াই’ বলে উল্লেখ করেন।
বিরোধীদের কর্মসূচিকে কেন্দ্র করে মধ্য দিল্লি ও সুপ্রিম কোর্ট-সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ব্যারিকেড। কনট প্লেস, যন্তর মন্তর ও সুপ্রিম কোর্ট চত্বরেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি মেট্রো স্টেশনের প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদিকে, কারামুক্তির পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা দিল্লি পুলিশের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য নতুন তারিখ নির্ধারণ অথবা প্রয়োজনীয় অনুমতি দেওয়ার আবেদন জানাবেন তারা।
রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দিল্লিতে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। সোমবার স্থানীয় সময় ভোর ৬টায় এ সতর্কতা জারি করা হয়।
আবহাওয়ার পূর্বাভাসে ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত এবং ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানানো হয়েছে। এতে রাজধানীতে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনজীবন ও যান চলাচলেও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ