ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একের পর এক হামলার ঘটনায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি এবং পুনরায় কার্যক্রম চালুর সক্ষমতা যাচাইয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা পরীক্ষা এবং সেগুলো পুনরায় ব্যবহারের উপযোগী কি না, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত রাখার মেয়াদ বাড়ানো হয়েছে বলে কর্তৃপক্ষের বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে বিমানবন্দরটি কবে নাগাদ আবার চালু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। সপ্তাহান্তে ধারাবাহিক হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) বিকেলে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে একটি অজ্ঞাত বস্তু আঘাত হানে। এ ঘটনায় পাকিস্তানের এক নাগরিক নিহত হন এবং আহত হন আরও ১১ জন। একই সময়ে বিমানবন্দরের কাছাকাছি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা প্রতিহত ও ধ্বংস করার কথাও জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
এর আগে, শনিবারও বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে হামলার ঘটনা ঘটে। সৌদি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০৯ জন আহত হন।
শনিবারের হামলাকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ