ভারতের সুপ্রিম কোর্টের উদ্দেশে পদযাত্রা করেছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা ও নেহা বোরার নেতৃত্বে হাজার হাজার বিরোধীদলীয় নেতা-কর্মী ও সমর্থক। তবে পথে পুলিশের বাধার মুখে পড়ে কর্মসূচিটি। সোমবার (১২ অক্টোবর) রাজধানী দিল্লির কনট প্লেস ও বারাকখাম্বা রোড এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে সুপ্রিম কোর্টের দিকে এগোতে থাকলে পুলিশ তা আটকে দেয়।
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরার যৌথ নেতৃত্বে এ পদযাত্রায় হাজার হাজার বিরোধীদলীয় নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদবসহ ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতারাও।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কনট প্লেস ও বারাকখাম্বা রোড থেকে যাত্রা শুরু করা মিছিলটি মণ্ডি হাউসের দিকে অগ্রসর হওয়ার সময় ভগবান দাস রোডের প্রবেশমুখে পুলিশ ও আধা সামরিক বাহিনী ব্যারিকেড দিয়ে বাধা দেয়। বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ কঠোর অবস্থান নিলেও আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রাখেন। পরিস্থিতি সামাল দিতে রাহুল গান্ধীসহ অন্য শীর্ষ নেতারা একটি ট্রাকের ছাদে উঠে অবস্থান নেন। সেখান থেকেই তারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এর আগে, সোমবার সকালে কংগ্রেসের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে উদ্দেশ করে বক্তব্য দেন রাহুল গান্ধী। তিনি সিইসিকে পদত্যাগ করা অথবা সত্য প্রকাশ করার আহ্বান জানান। রাহুল বলেন, ‘পদত্যাগ করুন অথবা সত্য প্রকাশ করুন। আপনি ভুল করেছেন, কিন্তু এই ভুলের মূল পরিকল্পনাকারী আপনি নন। আমরা জানি আপনি রাতে ঘুমাতে পারছেন না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সিইসি পদে আপনার টিকে থাকা সম্ভব নয়।’
আগে থেকেই ঘোষিত কর্মসূচি অনুসারে, সোমবার ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্বে সুপ্রিম কোর্টে একটি আনুষ্ঠানিক স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা ছিল। এতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) অপসারণ, বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করা এবং গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানোর কথা ছিল।
তবে পুলিশের বাধার কারণে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি জমা দেওয়ার পূর্বনির্ধারিত কর্মসূচি বাধাগ্রস্ত হয়।
সময়ের আলো/ইউএমএইচ