রাজধানীর শ্যামলী এলাকা থেকে চাঁদাবাজদের সম্মিলিত তালিকায় থাকা মো. আরেফিন রনি ওরফে ‘ভাগ্নে রনি’কে (৩০) গ্রেফতার করেছে এসআরবি-২।
মঙ্গলবার (১৩ অক্টোবর) শেরেবাংলা নগর থানার শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাতে এসআরবি-২-এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজদের সম্মিলিত তালিকায় থাকা আরেফিন রনির শ্যামলী এলাকায় অবস্থানের খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-২ জানায়, আরেফিন রনি দীর্ঘদিন ধরে রাজধানীর মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া তার পূর্ব অপরাধের তথ্য যাচাই করে শেরেবাংলা নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতার রনির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি-২।
সময়ের আলো/জেডি