৫৩ সেকেন্ডেই গোল, ইউনাইটেডকে হারাল আতলেতিকো

ক্রীড়া ডেস্ক

খেলা

ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এরই মধ্যে গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতে হোঁচট খাওয়া দলটি পরে

2026-10-14T05:11:49+00:00
2026-10-14T05:11:49+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
খেলা
৫৩ সেকেন্ডেই গোল, ইউনাইটেডকে হারাল আতলেতিকো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:১১ এএম 
ছবি : সংগৃহীত
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এরই মধ্যে গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতে হোঁচট খাওয়া দলটি পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পারেনি। দ্বিতীয়ার্ধে লেনি ইয়োরোর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয়ে আরও চাপে পড়ে মাইকেল ক্যারিকের দল। শেষ পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে ইংলিশ ক্লাবটি। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে মাদ্রিদের রিয়াদ এয়ার মেত্রোপলিতানো স্টেডিয়ামে আতলেতিকোর হয়ে গোল করেন পাবলো বারিওস ও আদেমোলা লুকমান। প্রথম মিনিটে বারিওসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এরপর ৭৪ মিনিটে ইয়োরো লাল কার্ড দেখলে ৭৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকমান। 

শুরুতেই বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে আতলেতিকো। লি কাং-ইনের পাস থেকে বল পেয়ে এগিয়ে যান আলেক্স বায়েনা। তাঁর বাড়ানো বলে শট নেন বারিওস। ইউনাইটেডের ডিফেন্ডার আইডেন হেভেনের গায়ে লেগে বল জালে জড়ায়। তাতে ম্যাচের ৫৩ সেকেন্ডেই পিছিয়ে পড়ে সফরকারীরা।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ইউনাইটেড। প্রথমার্ধে ব্রায়ান এমবেউমো দুটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তাঁর একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়, অন্যটি ঠেকিয়ে দেন আতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওব্লাক। 

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল আতলেতিকো। জনি কার্দোসোর শট জালে জড়ালেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় গোলটি বাতিল হয়। আক্রমণের শুরুতে মার্কোস ইয়োরেন্তের হাতে বল লাগায় রেফারি গোলটি দেননি।

বিরতির পরও আক্রমণে সক্রিয় ছিল আতলেতিকো। হুলিয়ান আলভারেজের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে সমতায় ফেরার সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেসের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়, আরেকটি লাগে ক্রসবারে।


এরপর ৭৪ মিনিটে বড় ধাক্কা খায় সফরকারীরা। আতলেতিকোর জনাথন ডেভিডকে বাধা দেন ইউনাইটেডের ডিফেন্ডার ইয়োরো। শুরুতে ফাউলের সিদ্ধান্ত না দিলেও ভিডিও পর্যালোচনার পর তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি গ্লেন নিয়বার্গ। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় ইউনাইটেডকে। 

সংখ্যায় এগিয়ে থাকা আতলেতিকো দ্রুতই সেই সুবিধা কাজে লাগায়। ৭৯ মিনিটে ডেভিডের শট ঠেকিয়ে দেন ইউনাইটেডের গোলরক্ষক সেন্নে লামেন্স। ফিরতি বলে জাল খুঁজে নেন লুকমান। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের দল।

চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে আজারবাইজানের সাবাহকে ৪-০ গোলে হারিয়ে আসর শুরু করেছিল ইউনাইটেড। তবে স্পেনে এসে সেই ছন্দ ধরে রাখতে পারেনি ক্যারিকের দল।

অন্য ম্যাচে ব্রুজের জয়, বার্সেলোনার বড় ব্যবধান

চ্যাম্পিয়নস লিগের মঙ্গলবারের অন্য ম্যাচগুলোতেও ছিল গোলের ঝড়। ইতালির ইন্টার মিলানকে তাদের মাঠে ৪-৩ গোলে হারিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুজ। গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। আর লিলের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল।

নাপোলির বিপক্ষে এক গোলে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানে জিতেছে স্পেনের ভিয়ারিয়াল। ফ্রান্সের লাঁসকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে পর্তুগালের স্পোর্টিং লিসবন। একই ব্যবধানে চেক প্রজাতন্ত্রের স্লাভিয়া প্রাগকে হারিয়ে এবারের আসরে প্রথম জয় পেয়েছে আজারবাইজানের সাবাহ। 

এ ছাড়া ব্রায়ান গ্রুদার একমাত্র গোলে নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোভেনকে ১-০ ব্যবধানে হারিয়েছে জার্মানির আরবি লাইপজিগ। অন্যদিকে বায়ার্ন মিউনিখ ও নরওয়ের ভাইকিংয়ের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গোল  ইউনাইটেড  হারাল  আতলেতিকো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: