ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকেই মনে করেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ও জাতীয় দলের হয়ে গোলের পর গোল করেও নিজের পারফরম্যান্স যথাযথ স্বীকৃতি পাচ্ছেন না বলে আক্ষেপ করেছেন আল নাসরের এই তারকা।
সিএনএন পর্তুগালকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি যে মানের পারফরম্যান্স করি এবং যে গোলগুলো করি, মানুষ সেগুলোকে প্রাপ্য স্বীকৃতি দেয় না।’ তাঁর সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেছে দ্য অ্যাথলেটিক।
ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার ৩৩৭ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৯৮০। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে নিজের অবস্থান স্পষ্ট করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
রোনালদো বলেন, ‘আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, তবু ইতিহাসের সেরা খেলোয়াড় আমি। ব্যস, কথা শেষ।’
তবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারলে সেটি হবে অসাধারণ অর্জন—এ কথাও স্বীকার করেছেন পর্তুগিজ মহাতারকা। তাঁর ভাষায়, ‘পরিসংখ্যানই সব বলে দেয়। আমি যদি ১ হাজার গোলের সেই সংখ্যায় পৌঁছাতে পারি, সেটা হবে অসাধারণ কিছু। এটি এমন একটি লক্ষ্য, যেটি অর্জনের জন্য আমি কাজ করছি। তবে দীর্ঘমেয়াদে কী হবে, তা নিয়ে আমি ভাবি না।’
ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও নিশ্চিত করে কিছু বলতে চাননি ৪১ বছর বয়সী রোনালদো। কবে ফুটবলকে বিদায় জানাবেন, সেই সিদ্ধান্ত সময়ের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।
রোনালদোর কথায়, ‘আগামীকাল কী হবে, তা-ও আমি জানি না। হয়ত একদিন ঘুম থেকে উঠে দেখব, আমার আর অনুপ্রেরণা নেই, আর খেলতে ইচ্ছা করছে না। সত্যি বলতে, কী ঘটতে পারে, তা আমি জানি না।’
১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে চলা রোনালদোর সামনে এখন দুটি বড় প্রশ্ন—কত দ্রুত সেই লক্ষ্যে পৌঁছাবেন তিনি এবং আর কত দিন চালিয়ে যাবেন বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার।
সময়ের আলো/কেএইচও