৩৮ মিনিটে পাঁচ গোল, লিগ ওয়ানে ইতিহাস গড়লেন সিমা

ক্রীড়া ডেস্ক

খেলা

এক ম্যাচে পাঁচ গোল করে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন সেনেগালের ফরোয়ার্ড আবদাল্লাহ সিমা। তার দুর্দান্ত নৈপুণ্যে ফরাসি লিগ ওয়ানে অ্যাঙ্গার্সকে

2026-11-29T16:06:20+00:00
2026-11-29T16:06:20+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
খেলা
৩৮ মিনিটে পাঁচ গোল, লিগ ওয়ানে ইতিহাস গড়লেন সিমা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:০৬ পিএম 
সেনেগালের ফরোয়ার্ড আবদাল্লাহ সিমা । ছবি : সংগৃহীত
সেনেগালের ফরোয়ার্ড আবদাল্লাহ সিমা । ছবি : সংগৃহীত
এক ম্যাচে পাঁচ গোল করে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন সেনেগালের ফরোয়ার্ড আবদাল্লাহ সিমা। তার দুর্দান্ত নৈপুণ্যে ফরাসি লিগ ওয়ানে অ্যাঙ্গার্সকে ৫-২ গোলে হারিয়েছে লঁস। ম্যাচে দলের পাঁচটি গোলই করেছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ২০১৮ সালের পর এক ম্যাচে পাঁচ গোল করার কীর্তি গড়লেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) লিগ ওয়ানের ম্যাচে এ কীর্তি গড়েন সিমা। খবর গোল ডটকমের।

ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ে লঁস। তবে, ৪৩ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান সিমা। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় অ্যাঙ্গার্স। এরপরই শুরু হয় সিমার গোল উৎসব।

ম্যাচের ৬৪, ৭০, ৭৬ ও ৮১ মিনিটে আরও চারবার প্রতিপক্ষের জালে বল পাঠান এই সেনেগালিজ ফরোয়ার্ড। মাত্র ৩৮ মিনিটের ব্যবধানে পাঁচ গোল পূর্ণ করেন তিনি। এর মধ্যে মাত্র ১৭ মিনিটেই করেন চারটি গোল।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবশেষ এক ম্যাচে পাঁচ গোলের নজির ছিল ২০১৮ সালের অক্টোবরে। সেবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে ফরচুনা ডুসেলডর্ফের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন সার্বিয়ার স্ট্রাইকার লুকা ইয়োভিচ।

ফরাসি লিগ ওয়ানে সর্বশেষ এমন কীর্তি দেখা গিয়েছিল ২০১৪ সালের অক্টোবরে। সেবার নিসের হয়ে গিংগ্যাম্পের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন কার্লোস এদুয়ার্দো। দীর্ঘ এক দশকের বেশি সময় পর লিগটিতে আবারও এক ম্যাচে পাঁচ গোলের দেখা মিলল। লিগ ওয়ানের ইতিহাসে এমন কীর্তি গড়া ১৭তম খেলোয়াড় হলেন সিমা।

মজার বিষয়, ২০১৪ সালে নিসের হয়ে কার্লোস এদুয়ার্দোর সতীর্থ ছিলেন লঁসের বর্তমান কোচ দিদিয়ের দিগার। এবার তার দলের হয়েই একই কীর্তি গড়লেন সিমা।


মৌসুমের শুরুটা অবশ্য ভালো ছিল না এই ফরোয়ার্ডের। প্রথম ছয় ম্যাচে তার গোল ছিল মাত্র একটি। তবে, অ্যাঙ্গার্সের বিপক্ষে লক্ষ্যে রাখা পাঁচটি শট থেকেই গোল আদায় করে নেন তিনি।

ম্যাচ শেষে লিগ ওয়ান প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি জানিয়ে সিমা বলেন, ‘সত্যি বলতে, এটি অসাধারণ কিছু। এমন একটি মুহূর্ত, যা সারাজীবন আমার সঙ্গে থেকে যাবে। এটি আজীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’

এ জয়ের মধ্য দিয়ে লঁসের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম জয়ের দেখা পেয়েছেন দিদিয়ের দিগার। অ্যাঙ্গার্সকে হারিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে দলটি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ৩৮ মিনিট  পাঁচ গোল  লিগ ওয়ান  ইতিহাস  গড়লেন  আবদাল্লাহ সিমা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: