নিউজিল্যান্ডের দাপটে কোণঠাসা ভারত

ক্রীড়া ডেস্ক

খেলা

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের প্রথম ইনিংসে ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে

2026-11-28T23:48:25+00:00
2026-11-28T23:48:25+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
খেলা
ক্রাইস্টচার্চ টেস্ট
নিউজিল্যান্ডের দাপটে কোণঠাসা ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের প্রথম ইনিংসে ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১৬ রান তুলেছে ভারত। প্রথম ইনিংসে এখনও ২৪০ রানে পিছিয়ে সফরকারীরা। হাতে রয়েছে মাত্র চার উইকেট। কিউই পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিনভর চাপে ছিল ভারতের ব্যাটিং-লাইনআপ।

দিনের শুরুতে আগের দিনের ৫ উইকেটে ২৪৬ রান নিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে আরও ১১০ রান যোগ করে কিউরা। ভারতের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন আকাশ দীপ। ৯৯ রানে ৫ উইকেট নিয়েছেন এই পেসার। দিনের শুরুতেই গ্লেন ফিলিপসকে ফিরিয়ে দেন আনশুল কম্বোজ। তবে টম ব্লান্ডেলের নেতৃত্বে লেজের ব্যাটাররা প্রতিরোধ গড়েন। শেষ দিকে ব্লান্ডেল আরও ৩৬ রান যোগ করে ৮৯ রানে আউট হন। এ ছাড়া ম্যাট হেনরির তিনটি ক্যাচ ফেলে দেওয়াতে নিউজিল্যান্ডের সংগ্রহ আরও বড় হয়।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ইনিংসের প্রথম ওভারেই ম্যাট হেনরির দুর্দান্ত সুইংয়ে বোল্ড হন যশস্বী জয়সোওয়াল। এরপর দেবদূত পাডিক্কাল ২০ বলে ২১ রান করে কিছুটা ইতিবাচক শুরুর চেষ্টা করেন। তবে কাইল জেমিসনের বাড়তি বাউন্সে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। শুভমন গিলও শুরুতে দৃষ্টিনন্দন কয়েকটি ড্রাইভে চার মেরে এগোচ্ছিলেন। কিন্তু জেমিসনের দুর্দান্ত এক ডেলিভারিতে দ্বিতীয় স্লিপে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৩ রানে। চায়ের বিরতির আগেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

বিরতির পর ঋষভ পন্ত ও লোকেশ রাহুল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে রান তুলতে গিয়ে দুজনকেই ঝুঁকি নিতে হয়েছে। ডাফিকে আক্রমণ করতে গিয়ে পন্ত ছক্কাও হাঁকান। এই ছক্কা হাঁকিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের বেন স্টোকসের ৮৮ ছক্কার রেকর্ড ভেঙে নিজের করে নেন পন্ত। ডব্লিটিসিতে তার ছক্কা এখন ৮৯টি। কিন্তু একই আগ্রাসী মানসিকতা শেষ পর্যন্ত কাল হয় তার। জেমিসনের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন ৩৯ বলে ২৩ রান করা এই উইকেটকিপার-ব্যাটার। এরপর ৮০ বলে ২৫ রান করা রাহুলও ডাফির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন। তাতে ১০৪ রানেই ৫ উইকেট হারায় ভারত।

এরপর ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন। দুজন মিলে ১৫.১ ওভার ব্যাট করলেও রান যোগ করতে পারেন মাত্র ১২ রান। নিউজিল্যান্ডের পেসারদের ধারাবাহিক লাইন-লেংথ ও বাউন্সে রান তোলার সুযোগ পাননি তারা। শেষ পর্যন্ত দিনের শেষ বলে নাথান স্মিথের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন সুন্দর। ৬ উইকেটে ১১৬ রান নিয়ে দিন শেষ করে ভারত।

নিউজিল্যান্ডের কাইল জেমিসনও জ্যাকব ডাফি নেন দুইটি করে উইকেট। ম্যাট হেনরি ও নাথান স্মিথ নিয়েছেন একটি করে উইকেট । দীর্ঘ স্পেলে বোলিং করে তারা ভারতীয় ব্যাটারদের ওপর চাপ ধরে রাখেন। অন্যদিকে ভারতের পেসারদের জন্যও উইকেটে বাউন্স ও সিম মুভমেন্ট ছিল। 

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   ক্রাইস্টচার্চ টেস্ট  নিউজিল্যান্ড  দাপট  কোণঠাসা ভারত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: