
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতরঙিন পোশাকে সবশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন ফেব্রুয়ারিতে। গত বছর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে। কাকতালীয়ভাবে সাদা পোশাকের বিদায়ের লগ্নটাও পড়ে গেল সেই ফেব্রুয়ারিতেই। আগামী বছর ঘরের মাঠে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড। ওই সিরিজের প্রথম টেস্টটি মিরপুরে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুধু সাদা পোশাকের টেস্ট ক্রিকেটই নয়, আন্তর্জাতিক ক্রিকেটকেও আনুষ্ঠানিকভাবে বিদায় বলবেন বাংলাদেশের নির্ভরযোগ্য উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। গতকাল মুশফিকের বিদায়ি ম্যাচ নিয়ে এমন ঘোষণাই দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
২০২২ সালে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলার ঘোষণাটা সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে নিজেই দিয়েছিলেন মুশফিক। এবার সেটি করেননি। আড়াই মাস আগেই তার হয়ে ঘোষণাটা দিলেন তামিম। মুশফিকের অনুরোধেই এমন বার্তা এলো বিসিবির বড় কর্তার কাছ থেকে। গতকাল বোর্ড সভা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে মুশফিকের বিদায়ি ম্যাচের ঘোষণা দেন তামিম। তামিম-মুশফিক পরস্পরের ভালো বন্ধু— এ কথা কারোর অজানা নয়। দুজনের পথচলার শুরুটা প্রায় একই সময়ে। তাই তো বন্ধুর বিদায়ি ঘোষণা দিতে এসে বন্ধুর গুণকীর্তনে খামতি রাখেননি তামিম। মুশফিক বাংলাদেশের ইতিহাসে সেরাদের সেরা বলেও অ্যাখ্যা দেন এবং ক্রিকেটে তার অবদানকে সবার স্মরণে রাখারও বার্তা আসে তামিমের কাছ থেকে।
ফেব্রুয়ারি মাসের সঙ্গে মুশফিকের যেমন বিদায়ের যোগসূত্র; তেমনি নিজের নামের মতো ‘ম’- অদ্যাক্ষরের সঙ্গেও নিবিড় এক যোগাযোগ রয়েছে তার। মুশফিকের নামের শুরুটা ‘ম’ অদ্যাক্ষর দিয়ে। তবে মুশফিক হওয়ার আগে তিনি কিন্তু সবার আদরের, পছন্দের মিতু। মুশফিকুর রহিমের ডাক নাম মিতু। এখানেও ‘ম’-এর উপস্থিতি। মুশফিকের জীবনে ‘ম’-এর গল্পের এখানেই ইতি নয়। যে ক্লাব দিয়ে ক্রিকেটে হাতেখড়ি সেই মাটিডালি ক্রীড়া চক্রও কিন্তু ‘ম’ অদ্যাক্ষরে শুরু। জীবনসঙ্গিনীর নামেও ‘ম’ রয়েছে মণ্ডি (জান্নাতুল কিফায়েত মণ্ডি)।
মুশফিকের জীবনে ‘ম’-এর সবচেয়ে বড় ঘটনা কিন্তু তার আন্তর্জাতিক ক্রিকেটের শুরুর সঙ্গেও জড়িয়ে। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অর্থাৎ লাল-সবুজের জার্সিতে ক্যারিয়ার শুরু। নিজের অভিষেক ম্যাচটিতে মে মাসে শুরু করেছিলেন। তাই এখানেও ‘ম’ আধিক্য চোখে পড়ে। তবে ফেব্রুয়ারি কিংবা ‘ম’-এর যতই অন্ত্যমিল থাকুক, ক্যারিয়ারে পথচলা কিন্তু মসৃণ ছিল না ছোট্ট মিতুর। মুশফিক হওয়ার আগে বেশ সংগ্রামই করতে হয়েছে। প্রথমে বাংলাদেশের লিজেন্ডারি উইকেটরক্ষ-ব্যাটার খালেদ মাসুদ, পরে ধীমান ঘোষকে পেছনে ফেলে দলে নিজের জায়গা পাকাপোক্ত করেন। বগুড়ার মাটিডালি থেকে বিকেএসপি হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে মেধার স্বাক্ষর রেখে তবেই জাতীয় দলে প্রবেশ করেন। এর পরের গল্পটা কম-বেশি সবারই জানা। দেশের ক্রিকেটে নিজেকে পঞ্চপাণ্ডবের একজন হিসেবে গড়ে তোলা, জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া, দেশে এবং দেশের বাইরে থেকে দলের জন্য সাফল্য বয়ে আনার কাজটি বছরের পর বছর ধরে একনিষ্ঠভাবে করে গেছেন মুশফিক।
২০০৫ সালে জাতীয় দলে শুরু, নিজ মুখে থামার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ২০২৭ সালে। ক্যারিয়ারের বয়স তখন দাঁড়াবে ২২ বছর। বিশ্বে খুব কম ক্রিকেটারের ক্যারিয়ারে এমন দীর্ঘ সময় ক্রিকেট খেলার ইতিহাস রয়েছে। তালিকার শীর্ষে ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকার রয়েছেন। দীর্ঘ দুই যুগের ক্যারিয়ার তার। মুশফিক চাইলে হয়তো শচিনকেও ছুঁতে পারতেন। ৩৯ বছর বয়সে যেভাবে নিজের ফিটনেস-ফর্ম ধরে রেখেছেন, সেই বিচারে শচিনের রেকর্ডে ভাগ বসানোটা একেবারে অমূলক ভাবনা ছিল না।
২১ বছরের (চলমান) দীর্ঘ টেস্ট ক্যারিয়ার মুশফিকের। ১০৮ টেস্ট, ৭০৬২ রান, ১৪টি সেঞ্চুরি ও তিনটি ডাবল সেঞ্চুরি— মুশফিকের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের পরিসংখ্যানই বলে দেয় বাংলাদেশের ক্রিকেটে তার অবস্থান কতটা উঁচুতে। ৩৮.৮০ গড়ে শুধু রানই করেননি, বহুবার দলের কঠিন সময়ে হয়ে উঠেছেন আশ্রয়। তার টেস্ট ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন তিনটি ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন ২১৯ রানের অপরাজিত ইনিংস। সবশেষ ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই খেলেন ২০৩ রানের দুর্দান্ত আরেক ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি মাসের শুরুতে তাওহিদ হৃদয়ের ২৪২ রানের আগ পর্যন্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি কিন্তু মুশফিকের দখলে ছিল।
দেশের জার্সিতে শততম টেস্ট খেলার কীর্তির একমাত্র নায়ক মুশফিক। গত বছর এই নভেম্বরেই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। সাদা পোশাকে ঔজ্জ্ব¦ল্য ছড়ানো মুশফিকের রঙিন পোশাকের রেকর্ডও কিন্তু মন্দ নয়। ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ক্যারিয়ারে মোট ২৭৪টি ওয়ানডে খেলে সেখানে ৭৭৯৫ রান সংগ্রহ করেন। ৮ হাজার ৩৫৭ রান নিয়ে তালিকায় শীর্ষে মুশফিকের হয়ে গতকাল বিদায়ের বার্তাবাহক বোর্ড সভাপতি তামিম ইকবাল। টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক মুশফিক (১৪টি); ওয়ানডে তার শতকের সংখ্যা ৯টি, তামিমের ১৪টি। তবে টেস্ট এবং ওয়ানডেতে যেমন ঝলমলে ক্যারিয়ার, টি-টোয়েন্টিতে ততটা আলো ছড়াতে পারেননি। ১০২ ম্যাচ খেলে ১৯ গড়ে মাত্র ১৫০০ রান সংগ্রহ করেছেন মুশফিক।
মিতু থেকে মুশফিক হওয়ার গল্পটা দীর্ঘ লড়াই, সংগ্রাম, ত্যাগ আর পরিশ্রমের। উত্তরসূরিদের জন্য এক আদর্শ ক্রিকেটার হয়ে বাংলার আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হয়ে থাকবেন তিনি।
সময়ের আলো/প্রিন্ট/টিকে