
এবিজি মিডিয়া কাপ ফুটবলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য ঘোষণা করা হয়েছে ৭৫ লাখ টাকার প্রাইজমানি । ছবি : সংগৃহীত
এবিজি মিডিয়া কাপ ফুটবলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য ঘোষণা করা হয়েছে ৭৫ লাখ টাকার প্রাইজমানি । ছবি : সংগৃহীত দেশের গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত এবিজি মিডিয়া কাপ ফুটবলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য ঘোষণা করা হয়েছে ৭৫ লাখ টাকার প্রাইজমানি। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ এবং রানার্সআপ দল পাবে ২৫ লাখ টাকা। দেশের মিডিয়া ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪৮টি গণমাধ্যম প্রতিষ্ঠান।
শনিবার (২৮ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের চূড়ান্ত পুরস্কার ঘোষণা করেন এবিজি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয় প্রতিযোগিতার ট্রফি। পাশাপাশি অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ নির্ধারণী ড্র ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ।
পুরস্কার ঘোষণা করে সায়েম সোবহান আনভীর বলেন, ‘আমার বাবা (আহমেদ আকবর সোবহান) বলেছেন, পুরস্কার দেওয়াতে যাতে কোনো কিপ্টেমি না করি। যারা চ্যাম্পিয়ন হবে, তাদেরটা পরে বলি। যারা রানার্সআপ হবে, তাদের জন্য আমি ২৫ লাখ টাকা ঘোষণা করলাম। অফকোর্স চ্যাম্পিয়ন ইজ আ চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন দলের জন্য আমার বাবার পক্ষ থেকে থাকছে ৫০ লাখ টাকা।’
এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে করার পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর ভাষ্য, ‘আমরা চাই, এই ম্যাচগুলো হোক নতুন কিছুর শুরু। পরের আসর থেকে যেন আরও বড় পরিসরে আয়োজন করতে পারি।’
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর শুরু হবে এবিজি মিডিয়া কাপ ফুটবল। ৪৮টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি দল। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল পরবর্তী পর্বে খেলার সুযোগ পাবে।
টুর্নামেন্টের পুরস্কার কাঠামোতেও রাখা হয়েছে বড় অঙ্কের অর্থ। গ্রুপ পর্বের ১২০টি ম্যাচের প্রতিটিতে জয়ী দল পাবে ২৫ হাজার টাকা এবং পরাজিত দল পাবে ১০ হাজার টাকা। দ্বিতীয় পর্বের আটটি ম্যাচে জয়ী ও পরাজিত দলের জন্য বরাদ্দ যথাক্রমে ৩৫ হাজার ও ১৫ হাজার টাকা।
কোয়ার্টার ফাইনালের চার ম্যাচের প্রতিটিতে জয়ী দল পাবে এক লাখ টাকা। পরাজিত দল পাবে ৫০ হাজার টাকা করে। সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে ফাইনালে জায়গা করে নেওয়া দুই দল পাবে আড়াই লাখ টাকা করে। শেষ চার থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য থাকছে দেড় লাখ টাকা করে।
আগামী ১৭ ডিসেম্বর কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের দিন সেলিব্রিটিদের অংশগ্রহণে দুটি প্রদর্শনী ফুটবল ম্যাচও আয়োজন করা হবে। এতে অংশ নেবেন দেশের পুরুষ ও নারী তারকারা।
অনুষ্ঠানে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, এই আয়োজন শুধু জার্সি ও ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা নয়; বরং নতুন একটি যাত্রার সূচনা। কর্মক্ষেত্রের ব্যস্ততা ও প্রতিযোগিতার বাইরে গণমাধ্যমকর্মীদের মধ্যে সম্পর্ক ও বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করাই এবিজি মিডিয়া কাপের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, যারা প্রতিনিয়ত সমাজকে সচেতন রাখেন, মানুষের আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা তুলে ধরেন, তাদের নিজেদের মধ্যেও আনন্দ, বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্যের একটি পরিসর থাকা প্রয়োজন। সেই ভাবনা থেকেই এবিজি মিডিয়া কাপের উদ্যোগ।’
ব্যক্তিগত ও সৃজনশীল বিভাগেও পুরস্কার
টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেও থাকছে আর্থিক পুরস্কার। আসরের সেরা খেলোয়াড় পাবেন দুই লাখ টাকা। এ ছাড়া সেরা সেটপিস, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস—প্রতিটি বিভাগে বিজয়ী পাবেন ২৫ হাজার টাকা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫০ হাজার টাকা।
খেলার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সৃজনশীল কাজের স্বীকৃতি দিতেও থাকছে বিশেষ পুরস্কার। টেলিভিশন, পত্রিকা, ওয়েব ও মাল্টিমিডিয়া—এই চার বিভাগে সেরা প্রতিবেদন ও কনটেন্টের প্রতিটির জন্য দেওয়া হবে দুই লাখ টাকা।
সামাজিক যোগাযোগমাধ্যমেও থাকছে পুরস্কারের সুযোগ। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে সর্বাধিক দেখা কনটেন্টের প্রতিটির জন্য দেওয়া হবে এক লাখ টাকা। এসব কনটেন্টে #SayemSobhanAnvir, #AnvirBashundharaGroup, #ABGMediaCup2026, #BashundharaCity2 ও #ABGSportsCity হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
এ ছাড়া, প্রকাশিত আলোকচিত্রের মধ্য থেকে সেরা ছবির জন্য নির্বাচিত আলোকচিত্রী পাবেন এক লাখ টাকা। প্রতিবেদন, কনটেন্ট ও আলোকচিত্রের প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের নিজেদের কাজের লিংক আয়োজকদের কাছে পাঠাতে হবে। আয়োজক কমিটির গঠিত জুরি বোর্ড নিরপেক্ষভাবে সেরা কাজ নির্বাচন করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাফসান শাবাব ও আয়শা খান। এতে উপস্থিত ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক নিরব হোসেন, জিয়াউল রোশান, অভিনেতা আরশ খান, চাষী আলম, শিমুল, মুসাফির সাঈদ বাচ্চু, শাম্মী ইসলাম নীলা, সামান্থা পারভেজ, অনিন্দিতা মিমি ও মাফতুয়া জান্নাত জিমসহ অনেকে।
বিপুল প্রাইজমানি, তারকাদের অংশগ্রহণ এবং গণমাধ্যমকর্মীদের জন্য ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে এবিজি মিডিয়া কাপ ফুটবল দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।
সময়ের আল/এসকে