প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:২৩ পিএম আপডেট: ২৭.১১.২০২৬ ১১:৩৭ পিএম

দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থার জন্য বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়ন করে দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক । ছবি : সংগৃহীত
দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থার জন্য বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়ন করে দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক । ছবি : সংগৃহীত দেশের ক্রীড়াঙ্গনে বছরজুড়ে খেলাধুলা সচল রাখতে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগামী জানুয়ারি থেকে দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থার জন্য বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়ন করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যেখানে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলার প্রতিযোগিতার সময়সূচি নির্ধারণ করা থাকবে।
সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আমিনুল হক। তার মতে, নির্ধারিত ক্রীড়া সূচি অনুযায়ী বছরজুড়ে প্রতিযোগিতা আয়োজন করা গেলে মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি হবে। পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গঠনেও ভূমিকা রাখবে এই উদ্যোগ।
এ সময় প্রতিমন্ত্রী নিজের ফুটবল জীবনের স্মৃতিও তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জানান, মাত্র ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই তার ফুটবল ক্যারিয়ারের শুরু। সে কারণে সিলেটের প্রতি রয়েছে বিশেষ ভালোবাসা। একসময় তার সঙ্গে খেলা গোলরক্ষক নাচনের কথাও স্মরণ করেন তিনি।
বর্তমান সরকারের নয় মাস পূর্তির প্রসঙ্গ টেনে আমিনুল হক বলেন, দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের সূচনা হয়েছে। আগামী পাঁচ বছরে বাংলাদেশের খেলাধুলার চিত্রে বড় পরিবর্তন আসবে বলে আশাবাদী তিনি। প্রধানমন্ত্রীর স্বপ্নের কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে শুধু অংশগ্রহণ নয়, পদকের জন্য লড়াই করবে বাংলাদেশ। সেই লক্ষ্য অর্জনে দল মতনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়নেও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী ও কার্যকর করতে প্রশাসকের বলিষ্ঠ ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে জেলা ক্রীড়া সংস্থাকে নতুনভাবে সাজানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। দর্শক ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সফল আয়োজন কামনা করেন আমিনুল হক।
সময়ের আলো/প্রিন্ট/এসকে