কষ্টের স্মৃতি থেকে হাসপাতাল বানিয়েছেন সাদিও মানে, সেবা পাচ্ছে ৩০টি গ্রাম

ক্রীড়া ডেস্ক

খেলা

নিজের শৈশবের গ্রামে চিকিৎসাসেবার অভাব দেখেছেন খুব কাছ থেকে। পরিবারের এক সদস্যের জন্ম হয়েছিল বাড়িতে, কারণ গ্রামটিতে তখন কোনো হাসপাতাল

2026-11-27T22:46:45+00:00
2026-11-27T22:46:45+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
খেলা
কষ্টের স্মৃতি থেকে হাসপাতাল বানিয়েছেন সাদিও মানে, সেবা পাচ্ছে ৩০টি গ্রাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম 
সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে । ছবি : সংগৃহীত
সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে । ছবি : সংগৃহীত
নিজের শৈশবের গ্রামে চিকিৎসাসেবার অভাব দেখেছেন খুব কাছ থেকে। পরিবারের এক সদস্যের জন্ম হয়েছিল বাড়িতে, কারণ গ্রামটিতে তখন কোনো হাসপাতাল ছিল না। সেই অভিজ্ঞতাই একসময় তাকে গ্রামে হাসপাতাল নির্মাণে অনুপ্রাণিত করে। ফুটবল মাঠে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিক কাজের জন্যও পরিচিত সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। তার উদ্যোগে এখন চিকিৎসাসেবা পাচ্ছেন নিজের গ্রামসহ আশপাশের ৩০টির বেশি গ্রামের মানুষ।

সেনেগালের দক্ষিণাঞ্চলের ছোট্ট গ্রাম বাম্বালিতে জন্ম ও বেড়ে ওঠা মানের। গ্রামের মানুষের চিকিৎসাসংকটের বিষয়টি কখনো ভুলতে পারেননি তিনি। ২০২০ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের উদ্যোগের পেছনের কারণ ব্যাখ্যা করেছিলেন এই ফুটবলার। তিনি বলেছিলেন, পরিস্থিতি সবার জন্যই খুব কঠিন ছিল। গ্রামের মানুষের মধ্যে আশার আলো ছড়িয়ে দিতে সেখানে একটি হাসপাতাল নির্মাণ করতে চেয়েছিলেন তিনি।

সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় ২০২১ সালের জুনে। ওই সময় বাম্বালিতে মানের অর্থায়নে নির্মিত হাসপাতালটির উদ্বোধন করা হয়। হাসপাতালটিতে মাতৃস্বাস্থ্যসেবার জন্য রয়েছে আলাদা বিভাগ। প্রয়োজনীয় চিকিৎসাকর্মী নিয়োগ ও সেবা কার্যক্রম পরিচালনায় সরকারি সহায়তা পেতেও উদ্যোগী হয়েছিলেন মানে। এ জন্য তিনি সরাসরি সেনেগালের তৎকালীন প্রেসিডেন্ট ম্যাকি সালের সঙ্গে সাক্ষাৎ করেন। বর্তমানে বাম্বালির পাশাপাশি আশপাশের ৩০টিরও বেশি গ্রামের মানুষ হাসপাতালটি থেকে চিকিৎসাসেবা পাচ্ছেন।

শুধু হাসপাতাল নির্মাণই নয়, গ্রামের মানুষের জীবনমান উন্নয়নেও নানা উদ্যোগ নিয়েছেন মানে। মাত্র ১৫ বছর বয়সে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে গ্রাম ছাড়লেও নিজের শিকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন তিনি। লিভারপুলে খেলার সময়ও গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন নিয়মিত।

২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে বাম্বালির মানুষের জন্য লিভারপুলের ৩০০টি জার্সি পাঠিয়েছিলেন মানে। তার ইচ্ছা ছিল, গ্রামের মানুষ যেন প্রিয় দলের জার্সি পরে একসঙ্গে ফাইনাল উপভোগ করতে পারেন। পরের বছর গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে আড়াই লাখ পাউন্ড অনুদান দেন তিনি। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ ও আর্থিক পুরস্কারের ব্যবস্থাও করেন।

সম্প্রতি, নিজের পরিবারেও নতুন অতিথির আগমন উপলক্ষে স্ত্রীর পাশে ছিলেন এই ফুটবলার। সেনেগালের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এ কারণেই নভেম্বরে জাতীয় দলের ম্যাচ চলাকালে সৌদি আরবের রিয়াদে অবস্থান করেন তিনি।

মানের জীবনের এই ঘটনাগুলোর মধ্যে যেন একটি বিশেষ যোগসূত্র রয়েছে। যে গ্রামে একসময় হাসপাতাল না থাকায় তার পরিবারের সদস্যের জন্ম হয়েছিল বাড়িতে, সেই গ্রামেই এখন নিরাপদ মাতৃত্বসেবার সুযোগ পাচ্ছেন আশপাশের এলাকার মায়েরা। ফুটবলের সাফল্যের বাইরেও নিজের শৈশবের গ্রামের মানুষের জীবনে পরিবর্তন আনার এই উদ্যোগ সাদিও মানেকে আলাদা পরিচিতি দিয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   কষ্টের স্মৃতি  থেকে  হাসপাতাল  বানিয়েছেন  সাদিও মানে  সেবা পাচ্ছে  ৩০টি গ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: