প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:৪৪ এএম

রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা । ছবি : সংগৃহীত
রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা । ছবি : সংগৃহীত৩১৮ রানের লক্ষ্যও শ্রীলঙ্কা ‘এ’ দলের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দুই ওপেনারের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লঙ্কানরা। সেই সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মাদের।
শুক্রবার (২৭ নভেম্বর) দোহায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করে ভারত ‘এ’ দল। জবাবে মাত্র ৪১.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা ‘এ’ দল।
রান তাড়ায় শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন দুই লঙ্কান ওপেনার লাসিথ ক্রুসপুলে ও সিনেথ জয়াবর্ধনে। উদ্বোধনী জুটিতে ১৭৪ রান যোগ করেন তারা। ৭০ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১০৫ রান করে শাহবাজ আহমেদের বলে আউট হন জয়াবর্ধনে।
অন্য প্রান্তে দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যান ক্রুসপুলে। নিশান মদুস্কাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৯১ রানের জুটি। ১০৭ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১১৬ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি শ্রীলঙ্কাকে। মদুস্কা ৫৮ ও পভন রত্নায়েকে ৩১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে, ব্যাট করতে নেমে ভারত ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন অভিষেক শর্মা। এ ছাড়া শাহবাজ আহমেদ ৫৪ এবং তিলক ভার্মা করেন ৫৩ রান। তবে তাদের এই লড়াই শেষ পর্যন্ত কাজে আসেনি। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন রবিন্দু ফার্নান্দো, জানিথ লিয়ানাজ ও নিপুন ধনঞ্জয়া।
এ দিকে, টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’ দল ও বাংলাদেশ ‘এ’ দল। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ২৯ নভেম্বর শিরোপার লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা ‘এ’ দল।
সময়ের আলো/এসকে