প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতপেশাদার ক্রিকেটে নারী ও পুরুষদের জন্য আলাদা লিগ আয়োজনই প্রচলিত। এবার সেই ধারায় পরিবর্তন আনতে যাচ্ছে নতুন এক টি-টোয়েন্টি প্রতিযোগিতা। ‘ইকুয়াল’ নামের এই লিগে একই দলের হয়ে খেলবেন নারী ও পুরুষ ক্রিকেটাররা। আগামী বছরের আগস্টে জার্মানিতে শুরু হওয়ার কথা রয়েছে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার।
লিগের প্রতিটি দলের একাদশে থাকবেন ছয়জন নারী ও পাঁচজন পুরুষ ক্রিকেটার। ভারতের বিশ্বকাপজয়ী সাবেক পেসার জহির খান ও প্রযুক্তি উদ্যোক্তা নগেন্দ্র সিদ্দৌতমের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাঙ্কর স্পোর্টস এবি এ উদ্যোগ নিয়েছে। সুইডেনের স্টকহোমভিত্তিক প্রতিষ্ঠানটি জার্মান ক্রিকেট ফেডারেশনের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে লিগটি আয়োজন করবে। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশ্যে আসে এ পরিকল্পনা।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, পাঁচটি দল নিয়ে হবে প্রতিযোগিতা। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১২টি। প্রতিটি দলের স্কোয়াডে থাকবেন ১৮ জন করে ক্রিকেটার। এখানে নারী ও পুরুষদের জন্য আলাদা কোনো প্রতিযোগিতা থাকবে না। সবার রান যোগ হবে একই স্কোরবোর্ডে। শেষ পর্যন্ত একটি দলই জিতবে শিরোপা।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচল্যান্ডফুংকের প্রতিবেদন অনুযায়ী, ব্যাটিং জুটিতেও থাকবেন একজন নারী ও একজন পুরুষ ক্রিকেটার।
টি-টোয়েন্টি ক্রিকেটের প্রচলিত কাঠামো অনুসরণ করেই আয়োজন করা হবে লিগটি। তবে প্রতিযোগিতার ভারসাম্য ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে খেলার নিয়ম, নিরাপত্তাব্যবস্থা এবং বদলি খেলোয়াড় ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধিমালা রাখা হবে।
নতুন এই উদ্যোগ নিয়ে আশাবাদী জহির খান। এক বিবৃতিতে ভারতের সাবেক এই পেসার বলেন, ‘ক্রিকেটের মানুষকে একত্র করার ক্ষমতা রয়েছে।’
বিশেষ করে ইউরোপের মতো উদীয়মান বাজারে ক্রিকেটকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকেও খেলাটির প্রসারের বড় সুযোগ হিসেবে দেখছেন জহির। তার মতে, নারী ও পুরুষ ক্রিকেটারদের সরাসরি একই প্রতিযোগিতায় অংশ নেওয়াই এই লিগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।
জার্মান ক্রিকেট ফেডারেশনের সভাপতি সেভেরিন ভাইসও উদ্যোগটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তার ভাষ্য, জার্মানিতে ইতোমধ্যে নারী ও পুরুষ ক্রিকেটারদের একটি উল্লেখযোগ্য কমিউনিটি গড়ে উঠেছে। নতুন এই প্রতিযোগিতার মাধ্যমে তাঁদের একই প্ল্যাটফর্মে আনার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে চায় ফেডারেশন।
২০২৭ সালের আগস্টে লিগের প্রথম আসর আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এখনো প্রতিযোগিতার নির্দিষ্ট সূচি, অংশগ্রহণকারী ক্রিকেটারদের নাম এবং খেলার বিস্তারিত বিধিমালা প্রকাশ করেননি আয়োজকেরা।
সময়ের আলো/এসএকে