
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম নির্ভরতার নাম মুমিনুল হক। ব্যাট হাতে নামলেই ছিল বড় ইনিংসের প্রত্যাশা। দেশের মাটিতে কিংবা বিদেশের কঠিন কন্ডিশন, সাদা পোশাকে বারবার নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন বাঁ-হাতি এই ব্যাটার। যার ওপর ভর করেই মূলত টেস্ট স্কোয়াড সাজানো হয়। মুমিনুল হক মানেই নির্ভরতার প্রতিচ্ছবি। কিন্তু সেই মুমিনুলের ব্যাটেই এখন রানখরা।
চলতি বছর আগস্টে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের সফরে প্রথম টেস্টে ৪৯ আর ৩০ করলেও সিরিজ নির্ধারণী ম্যাচে ছিলেন ব্যর্থ। দুই ইনিংসে করেছিলেন ৯ ও ০ রান। তারপর আফগানিস্তান সিরিজেও ব্যর্থতার ষোলোকলাপূর্ণ করেন। এক ম্যাচের সেই সিরিজে দুই ইনিংসে মুমিনুলের রান ছিল যথাক্রমে ৩৯ ও ৭ রান। টানা ব্যর্থতার বৃত্তে থাকা এ টপঅর্ডার সবশেষ দশ ইনিংসে ছয়বার দুই অঙ্কই ছুঁতে পারেননি; যার মধ্যে আবার শূন্য রানে আউট হয়েছেন তিনবার। এ সময় তার ব্যাটিং গড় ছিল মাত্র ১৫।
বিদেশের মাটিতে মুমিনুলের ব্যাটিং গড় আরও ভয়ংকর অবস্থা। দেশের মাটিতে তার ক্যারিয়ারে ব্যাটিং গড় যেখানে প্রায় ৪৮, বিদেশের মাটিতে সেখানে তার গড় প্রায় অর্ধেক (২৫.২৭)। দক্ষিণ আফ্রিকার মাটিতে পারফরম্যান্স আরও হতাশাজনক। সেঞ্চুরিয়ন টেস্টেও আগের ১০ ইনিংসে মুমিনুলের গড় ছিল মাত্র ১০.৩, যেখানে সর্বোচ্চ ইনিংস তার ৭৭ রানের। সেটাও আবার নয় বছর আগে ২০১৭ সালে প্রথমবার আফ্রিকা সফরে। পূর্বের ব্যর্থতাকে চলতি সফরেও ঢাকতে পারেননি। দুই টেস্টের চার ইনিংসে তার মোট রান ১৯।
দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টটি অনুষ্ঠিত হয় জোহানেসবার্গে। সেখানে দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ১ রান। আর সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ৫৩ বলে ১৮ রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। এর আগে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টেও বড় ইনিংস খেলতে পারেননি। এক ইনিংস ব্যাট করেছিলেন, তাতে রান ছিল ২৮। দ্বিতীয় ইনিংসে ইনজুরির কারণে খেলতে পারেননি।
মুমিনুল সবশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে তিন অঙ্কের দেখা পেয়েছিলেন। সেই সিরিজেও প্রথম টেস্টে (চেন্নাই) ছিলেন পুরোপুরি ব্যর্থ। দুই ইনিংসে করেছিলেন ০ এবং ১৩ রান। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। মাঝে পঞ্চাশোর্ধ রান করলেও কোনোভাবেই সেটাকে সেঞ্চুরিতে পরিণত করতে পারছিলেন না। এই যেমন নভেম্বর ২০২৫ থেকে মে ২০২৬; এ সময় আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে টানা পাঁচ ইনিংসে ৮২, ৬৩, ৮৭, ৯১ ও ৫৬ রান করলেও সেগুলোকে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে নিতে পারেননি। তারপর জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের প্রথম ইনিংসে ৬০ রান বাদ দিলে, এরপর আর ফিফটিও করতে পারেননি।
বাজে ব্যাটিংয়ে কলঙ্কিত এক রেকর্ডেও নাম তুলেছেন মুমিনুল। গতকাল সেঞ্চুরিয়নে শূন্য রান করার মধ্য দিয়ে বিশ্বের বাঁ-হাতি ব্যাটারদের মধ্যে মুমিনুল সর্বাধিক সংখ্যক শূন্য রানে (১৫ বার) আউট হওয়ার বাজে নজির স্থাপন করেছেন। এই নজির গড়তে তিনি পেছনে ফেলেছেন কাগিসো রাবাদা, শাহিন শাহ আফ্রিদি, লাহিরু কুমারার মতো বোলারদের। একজন ব্যাটার হয়ে শূন্য রানে আউট হওয়ার তালিকায় বোলারদের সঙ্গে নাম তুলে বাংলাদেশকে লজ্জায় ফেলেছেন।
অথচ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটার মুমিনুল। মুশফিকুর রহিমের পর দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি টেস্ট সেঞ্চুরি তার। ঘরের মাঠে তার ব্যাটিং রেকর্ডও ঈর্ষণীয়। কিন্তু বিদেশের মাটিতে এই ধারাবাহিক ব্যর্থতা মুমিনুলের সামর্থ্য ও একাদশে জায়গা নিয়ে নেতিবাচক আলোচনার তৈরি করছে। একসময় টেস্টে টানা ১১ ম্যাচে অর্ধশতক করার কীর্তি ছিল মুমিনুলের। ২০১৩ সালে অভিষেকের পর দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দেশের অন্যতম নির্ভরযোগ্য টেস্ট ব্যাটসম্যান হিসেবে। একপর্যায়ে তার ব্যাটিং গড়ও ছাড়িয়েছিল ৫৫। অথচ এখন সেই মুমিনুলের গড় নেমে এসেছে ৩৭-এর ঘরে।
তবে কি ফুরিয়ে যাচ্ছে মুমিনুলের সময়? তাকে অবশ্য এখনই বাতিলের খাতায় ফেলে দিতে চান না প্রধান কোচ ফিল সিমন্স। গতকাল শেষ হওয়া প্রোটিয়া সিরিজের আগে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের সামর্থ্যের ওপর আস্থা রাখার কথা বলেছিলেন কোচ। মুমিনুলের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের হারানো ছন্দ ফিরে পাওয়া।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে ১৩টি সেঞ্চুরি করা মুমিনুলের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই, প্রশ্ন এখন ধারাবাহিকতা নিয়ে। একটি ভালো ইনিংসের পাশাপাশি তার প্রয়োজন নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। যে ইনিংস আবারও মনে করিয়ে দেবে, কেন একসময় তাকে বলা হতো বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের অন্যতম ভরসা।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে