কান্ট্রি গেমস : মাটির টানে প্রাণের খেলা

মামুন হোসেন

খেলা

‘মাটির টানে প্রাণের খেলা’- কান্ট্রি গেমস মানেই সেখানে মাটির সোঁদা গন্ধ, লোকজ সংস্কৃতির ধারক-বাহক। হাডুডু, দাঁড়িয়াবান্ধা, বৌচি, লাঠিখেলা, বলী খেলা

2026-11-25T04:09:26+00:00
2026-11-25T04:09:26+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খেলা
কান্ট্রি গেমস : মাটির টানে প্রাণের খেলা
মামুন হোসেন
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:০৯ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
‘মাটির টানে প্রাণের খেলা’- কান্ট্রি গেমস মানেই সেখানে মাটির সোঁদা গন্ধ, লোকজ সংস্কৃতির ধারক-বাহক। হাডুডু, দাঁড়িয়াবান্ধা, বৌচি, লাঠিখেলা, বলী খেলা বা কুস্তি, নৌকাবাইচ, ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই— খেলাগুলোর সঙ্গে বাংলার রয়েছে শত সহস্র বছরের ইতিহাস ও ঐতিহ্য। বাংলার পরতে পরতে ছড়িয়ে আছে এই খেলাগুলো। 

গ্রামীণ লোকজ সংস্কৃতির অন্যতম ধারক-বাহক কান্ট্রি গেমস এখনও বাংলাদেশের মাটিতে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে। হয়তো এর আলোকচ্ছটা সেভাবে ঔজ্জ্বল্য ছড়াচ্ছে না; তবে টিমটিমে আলোর মতো কোনোমতে বেঁচে রয়েছে। বাংলায় হারিয়ে যেতে বসা খেলাগুলো টিকিয়ে রাখতে ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন। 

২০১৮ সালে বাংলাদেশ কান্ট্রি গেমসের যাত্রা শুরু। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এই অ্যাসোসিয়েশনের কার্যক্রম পরিচালিত হয়। যদিও এই অ্যাসোসিয়েশনের তেমন শক্তিশালী কমিটি নেই, তবে কাগজ-কলমে আছে। মূলত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ এবং তার কমিটির কয়েকজন সদস্যের আন্তরিক চেষ্টায়, পরিশ্রম আর একনিষ্ঠ কর্মে এটি এখনও পরিচালিত হচ্ছে। সামনে আরও বড় পরিসরে পরিচালিত হবে বলে সময়ের আলোকে জানান ঢাকা কমার্স কলেজের সিনিয়র ফিজিক্যাল টিচার, কান্ট্রি গেমসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ।

ডিসেম্বরে অনেক বড় প্রোগ্রাম নিয়ে মাঠে নামছে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন। সুনামগঞ্জ স্টেডিয়ামে হবে সেই প্রোগ্রাম। যেখানে স্বয়ং উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ব্যাপারে সময়ের আলোকে ফয়েজ আহমেদ বলেন, ‘বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন এই মুহূর্তে দুটো প্রোগ্রাম খুবই জরুরি ভিত্তিতে করতে যাচ্ছে। আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী বাংলাদেশের ঐতিহ্যের লোকজ খেলাগুলোকে উদ্বোধন করবেন। সেখান থেকে এর পরবর্তীতে প্রোগ্রাম থাকবে সারা দেশব্যাপী এই খেলাগুলোকে চর্চা করা, প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে পরবর্তীতে জাতীয় পর্যায়ে যেন আমরা তুলে আনতে পারি সেই ব্যবস্থা করা।’

কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন গঠনের পর থেকেই কর্মকর্তারা বলে আসছিলেন— লোকজ খেলাগুলোকে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে চান। গত আট-নয় বছরে সেই লক্ষ্য পূরণ হয়নি। তবে বর্তমান ক্রীড়াবান্ধব সরকারের অধীনে, ক্রীড়াপ্রেমী প্রতিমন্ত্রী আমিনুল হকের যোগ্য তত্ত্বাবধানে কান্ট্রি গেমস তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে দৃঢ়বিশ্বাস ফয়েজ আহমেদের। এ ব্যাপারে তিনি জানান, ‘আমরা চাচ্ছি আমাদের লোকজ ঐতিহ্যগুলোকে জাতির কাছে তুলে ধরতে— জাতীয় পর্যায় থেকে আমরা আন্তর্জাতিক পর্যায়েও যেন যেতে পারি ভবিষ্যতে সেই লক্ষ্যে কাজ করছি। প্রধানমন্ত্রীর প্রোগ্রামের পর মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরের শেষ সপ্তাহে আমরা ঢাকার পল্টন মাঠে একটা লোকজ খেলাধুলার প্রতিযোগিতা আয়োজন করব, সেখানে ঢাকা শহরের বিভিন্ন স্কুল, কলেজ, ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করবে এবং উৎসবমুখর পরিবেশে সেটা অনুষ্ঠিত হবে বলে আমরা ধারণা করছি।’

আন্তর্জাতিক পরিমণ্ডলে পা রাখার পাশাপাশি গ্রামীণ খেলাগুলোর গুরুত্ব নিয়েও সময়ের আলোর সঙ্গে কথা বলেন ফয়েজ আহমেদ। তিনি জানান, ‘আমাদের লোকজ খেলার যে ঐতিহ্য এবং মান রয়েছে তা অন্যান্য বিদেশি খেলার মান থেকে কোনো অংশে কম নয়। আমাদের দাঁড়িয়াবান্ধা, হাডুডু, গোল্লাছুট, বৌচি, কানামাছি, সাতচারা— যেগুলো দলীয় খেলা। একক খেলার মধ্যে রয়েছে যেমন মোরগ লড়াই, দড়িলাফ, কুস্তি খেলা, ভেলাবাইচ ইত্যাদি। কোনো রকমের ক্রীড়াসামগ্রী ছাড়া এই খেলাগুলো উপস্থাপন করা সহজ।’


২০০০ সালে ঢাকা কমার্স কলেজে ফিজিক্যাল টিচার হিসেবে কর্মজীবন শুরু ফয়েজ আহমেদের। বর্তমানে কলেজটির সিনিয়র ফিজিক্যাল টিচার হিসেবে কর্মরত। প্রায় ৮ হাজার শিক্ষার্থীর সহশিক্ষা কার্যক্রমের গুরুভার ফয়েজ আহমেদের ওপর। দীর্ঘ ২৬ বছর ধরে তিনি সেটা নিষ্ঠা এবং সততার সঙ্গে পালনও করছেন। ফয়েজ আহমেদের মতো গুরুরা থাকায় খেলাধুলায় তাই এক এবং অদ্বিতীয় ঢাকা কমার্স কলেজ। ছোটবেলায় খেলায় দারুণ পারদর্শী ছিলেন ফয়েজ। ফুটবল, ক্রিকেটের পাশাপাশি ইনডোর গেমসগুলোতে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। খেলাধুলার প্রতি তীব্র টানেই পরে ফিজিক্যাল টিচার হওয়া তার। 

বর্তমান সরকার ক্রীড়াকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করায় যারপরনাই আনন্দিত ফয়েজ আহমেদ। ক্রীড়া হলে পেশা, পরিবারের পাশে ভরসা— এই বাণীকে সামনে রেখে ক্রীড়া এবং শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ফয়েজ আহমেদ বলেন, ‘আমি সরকারপ্রধান  প্রধানমন্ত্রী, আমাদের ক্রীড়াপ্রেমী প্রতিমন্ত্রী আমিনুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতাজ্ঞাপন করছি যে বর্তমান সরকার ক্রীড়াকে গুরুত্ব দিয়ে কাজ করছে। এর মাধ্যমে কোমলমতি ছেলে-মেয়েরা মাদকমুক্ত থেকে, মোবাইল আসক্তি থেকে মুক্তি পাবে। খেলাধুলায় আরও বেশি নিবেদিত হবে তারা। যা তাদের শারীরিক এবং মানসিক বিকাশে ভূমিকা রাখবে।’

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   কান্ট্রি গেমস  মাটির টান  প্রাণের খেলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: