প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:০৭ এএম

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত গত আইপিএলে রেকর্ড দামে দল পেয়েও শেষ পর্যন্ত খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। রাজনৈতিক কারণে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। এবার আইপিএলের মিনি নিলামেই নাম লেখাননি বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
ক্রিকইনফো আজ আইপিএলের মিনি নিলামে নিবন্ধন করা ক্রিকেটারদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় নেই মোস্তাফিজের নাম। অর্থাৎ, এবারের নিলামে অংশ নিচ্ছেন না তিনি।
এ বছরের শুরুতে আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়া নিয়ে বেশ আলোচনা হয়েছিল। নিলামে তাকে রেকর্ড দামে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।
এ ঘটনার প্রভাব পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কেও। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সরানোর দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল।
এবারের নিলামে নাম না লেখানো বাংলাদেশের আরেক আলোচিত ক্রিকেটার নাহিদ রানা। সবশেষ ভারত সফরে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাঁকে নিয়ে আলোচনা ছিল বেশ। তবে তিনিও এবার নিলামে নাম লেখাননি।
অন্যদিকে, নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।
এবারের নিলামের প্রাথমিক তালিকায় আছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ ২৫টি জায়গা।
সময়ের আলো/জেডি