প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত টেস্টের মেজাজ ছাপিয়ে যেন ওয়ানডে কিংবা টি-টোয়েন্টির ব্যাটিং করছিলেন মার্কাস অ্যাকারম্যান। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে তুলে নিয়েছেন দেড় শ রান। তবে লাঞ্চ বিরতির ঠিক আগে তাকে ফিরিয়ে স্বস্তি এনে দেন শরিফুল ইসলাম।
সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে ২২৮ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিকেরা। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে তারা এগিয়ে আছে ১৩৭ রানে।
যে পিচে বাংলাদেশের ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়েছেন, সেই পিচেই দাপট দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। অ্যাকারম্যান ও জুবায়ের হামজার ৯৬ রানের জুটি ভাঙেন খালেদ আহমেদ। ২৭ রান করে হামজা ফিরলে ১৪৫ রানে দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
খালেদের বলে ইনসাইড এজে ব্যাট ছুঁয়ে বল চলে যায় গালিতে। সেখানে সহজ ক্যাচ নেন মাহফিজুল ইসলাম।
পুরোপুরি ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন অ্যাকারম্যান। প্রথম দিন ৪৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয় দিনে তুলে নেন সেঞ্চুরি, এরপর পৌঁছে যান দেড় শ রানে। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টেও ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এই ব্যাটার।
তবে লাঞ্চের ঠিক আগে অ্যাকারম্যানকে এলবিডব্লিউ করে ফেরান শরিফুল ইসলাম। প্রথম সেশনে এটিই বাংলাদেশের দ্বিতীয় সাফল্য।
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়। জবাবে ১ উইকেটে ৮৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছিলেন এবাদত হোসেন। তাঁর বলে ২১ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন এইডেন মার্করাম।
সময়ের আলো/এসএকে