সিমিওনের নতুন ইতিহাস

ক্রীড়া ডেস্ক

খেলা

লা লিগার ইতিহাসে নতুন ইতিহাস রচনা করেছেন দিয়েগো সিমিওনে। নতুন রেকর্ডে নাম তুলেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের এ আর্জেন্টাইন। রোববার সিমিওনের অধীনে

2026-11-24T03:28:49+00:00
2026-11-24T03:28:49+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খেলা
সিমিওনের নতুন ইতিহাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:২৮ এএম 
দিয়েগো সিমিওনে। ছবি : সংগৃহীত
লা লিগার ইতিহাসে নতুন ইতিহাস রচনা করেছেন দিয়েগো সিমিওনে। নতুন রেকর্ডে নাম তুলেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের এ আর্জেন্টাইন। রোববার সিমিওনের অধীনে ১০ জনের গেতাফের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পায় অ্যাথলেটিকো। এই জয়ে কোচ হিসেবে ৩৪৫ ম্যাচ জেতার রেকর্ড গড়ে তিনি টপকে গেছেন লা লিগার সর্বকালের সর্বাধিক ৩৪৪ ম্যাচ জেতা কোচ লুইস আরাগোনেসেকে। অ্যাথলেটিকোর কোচ এই রেকর্ড গড়েছেন ৫৬৭ ম্যাচে আর আরাগোনেস জয় পেয়েছিলেন ৭৫৬ ম্যাচে।

গেতাফের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই দাপট দেখাতে থাকে অ্যাথলেটিকো। আলেক্স বায়েনার ম্যাচের ১০ মিনিটে এবং জনি কারদোসোর ৩০ মিনিটের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। এরপর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়ান আলেহান্দ্রো গ্রিমালদো। আলেকজান্ডার সরলথকে শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন গেতাফের অধিনায়ক দ্যানে ডাকোনাম।

ম্যাচের ১০ মিনিটে হুলিয়ান আলভারেজের পাস থেকে ২৫ গজ দূর থেকে নিচু শটে গোল করেন বায়েনা। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন আলভারেজ। তবে তার দুটি প্রচেষ্টাই দারুণভাবে রুখে দেন গেতাফের গোলরক্ষক ডেভিড সোরিয়া। ৩০ মিনিটে কর্নার থেকে অ্যাথলেটিকোর দ্বিতীয় গোলটি আসে। আলভারেজের নেওয়া কর্নার ঠিকমতো সামলাতে পারেননি সোরিয়া। সেই সুযোগে কাছ থেকে বল জালে পাঠান কারদোসো।

বিরতির পরও আক্রমণের ধার কমেনি অ্যাথলেটিকোর। বায়েনার একটি শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করলে সেটি সামলাতে হয় সোরিয়াকে। অন্যদিকে গেতাফের মার্টিন সাট্রিয়ানো সহজ একটি সুযোগ নষ্ট করেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সরলথকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন ডাকোনাম। শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করায় লাল কার্ড দেখেন গেতাফে অধিনায়ক। পেনাল্টি থেকে গোল করে অ্যাথলেটিকোর বড় জয় নিশ্চিত করেন গ্রিমালদো।


এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেকটা ভালো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মৌরিসিও পচেত্তিনোর। লিভারপুলের বিপক্ষে রোববার ওল্ড ট্রাফোর্ডের দলের হয়ে প্রথমবার ডাগআউটে দাঁড়ান তিনি। তবে শিষ্যদের পারফরম্যান্স যাচ্ছে-তাই হওয়ায় ম্যাচটি ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়। এই হারে মানসিকভাবে ভেঙে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই কোচ। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে ‘যন্ত্রণা অনুভব করছেন’ বলেও জানান তিনি। পচেত্তিনো জানিয়েছেন, লিভারপুলের কাছে তাদের ৪-০ গোলের পরাজয়ের ‘যন্ত্রণা’ অনুভব করছেন তিনি এবং ইউনাইটেডের খেলোয়াড়রা এই ফলাফলের পেছনে ‘অন্যায্য’ কিছু পরিস্থিতিও কাজ করেছে বলে জানান।

সময়ের আলো/প্রিন্ট/জেডি   
  বিষয়:   সিমিওনে  ইতিহাস  লা লিগা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: