ইনজুরি কাটিয়ে ফের ট্র্যাকে সুমন

মামুন হোসেন

খেলা

ইনজুরি কাটিয়ে অবশেষে মাঠে ফিরেছেন জাতীয় দল এবং চট্টগ্রাম সিটি এফসির পরিচিত মুখ, পরীক্ষিত ফরোয়ার্ড সুমন রেজা। গত মার্চে এএফসি

2026-11-24T03:26:11+00:00
2026-11-24T03:26:11+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খেলা
ইনজুরি কাটিয়ে ফের ট্র্যাকে সুমন
মামুন হোসেন
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:২৬ এএম 
ফরোয়ার্ড সুমন রেজা। ছবি : সংগৃহীত
ইনজুরি কাটিয়ে অবশেষে মাঠে ফিরেছেন জাতীয় দল এবং চট্টগ্রাম সিটি এফসির পরিচিত মুখ, পরীক্ষিত ফরোয়ার্ড সুমন রেজা। গত মার্চে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে (সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচ) খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। চোটের কারণে দীর্ঘসময় মাঠের বাইরে ছিলেন। এর মধ্যে জাতীয় দল বিশ্বকাপ বাছাইপর্ব, ফিফা আসিয়ান কাপ এবং ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিলেও সেখানে ছিলেন না সুমন রেজা। তবে আজ ঘরোয়া ফুটবল দিয়ে মাঠে ফিরছেন তিনি। ফেডারেশন কাপে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলবে সুমনের দল। মানিকগঞ্জের শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ঘরোয়া ফুটবলে উত্তর বারিধারা, বসুন্ধরা কিংস, মোহামেডানের মতো বড় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে সুমনের। এবার খেলছেন প্রিমিয়ার লিগের নতুন ক্লাব চট্টগ্রাম সিটিতে। গত বছর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে প্রিমিয়ার লিগের টিকেট পায় দলটি। তবে চ্যাম্পিয়ন দলটি প্রিমিয়ারে এসে খুব একটা সুবিধা করতে পারেনি, বিশেষ করে লিগে। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলা হয়ে গেছে দলটির; তাতে জয়শূন্য চট্টগ্রাম। সেই তুলনায় ফেড কাপের রেজাল্ট সন্তোষজনক। ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে তারা। এক জয় এবং এ ড্রয়ে চট্টগ্রাম সিটি এফসির পয়েন্ট ৪। শীর্ষে থাকা ব্রাদার্স ইউনিয়নেরও ৪ পয়েন্ট। তবে গোলগড়ে চট্টগ্রাম সিটি পিছিয়ে থাকায় দুইয়ে অবস্থান করছে। আজ ব্রার্দাসকে হারালে শীর্ষে ওঠে যাবে সুমনরা।

প্রিমিয়ার লিগে কেন প্রত্যাশিত ফল পাচ্ছে না চট্টগ্রাম সিটি? দলটির কোথায় সমস্যা?— এমন সব প্রশ্নের উত্তরে সোজাসাপ্টা জবাব সুমনের। মূলত প্রাক-মৌসুম প্রস্তুতি ভালো ছিল না চট্টগ্রামের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তড়িঘড়ি করে লিগ শুরু করায় প্রস্তুতির ঘাটতি নিয়েই মাঠে নামে চট্টগ্রাম সিটি। পুরো দলকে এক সঙ্গে না পাওয়ার বিষয়টিও সামনে আনেন সুমন। তবে ফিফা উইন্ডো শেষে আবার ঘরোয়া ফুটবলে ফিরেছে চট্টগ্রাম। এবার অনেকটা গুছিয়ে এনেছে তারা। পুরো দলকে এক সঙ্গে পাওয়া গেছে। প্রিমিয়ার লিগ এবং ফেডারেশন কাপসহ আসন্ন মৌসুম ভালো কাটবে চট্টগ্রামের প্রত্যাশা সুমন রেজা।

জাতীয় দল এবং ঘরোয়া ফুটবলে দীর্ঘ সময় খেলা এলিটা কিংসলে বর্তমানে চট্টগ্রাম সিটি এফসির কোচ। ক্যারিয়ারে দেশি-বিদেশি অনেক কোচের অধীনেই খেলা হয়েছে সুমনের। এবার খেলবেন কিংসলের অধীনে। নতুন কোচের অধীনে খেলতে মুখিয়ে আছেন এ ফরোয়ার্ড। সুমনের ভাষায়, কিংসলে অনেক মেধাবী একজন ফুটবলার। কোচ হিসেবে ওনার কাছ থেকে নতুন অনেক কিছুই শিখছি, সামনে আরও শিখব। কারণ ইনজুরি কাটিয়ে সবে আমি দলে ফিরেছি। চোটমুক্ত হলেও ফিটনেস ফিরে পেতে কিছুটা সময় লাগবে। কোচ সেজন্য আমাকে আলাদা সময়ও দিচ্ছে। সব মিলে চট্টগ্রাম সিটিতে ভালো আছেন মন্তব্য সুমনের।


দলের শক্তিমত্তাসহ সুযোগ-সুবিধা প্রসঙ্গেও সময়ের আলোর সঙ্গে কথা বলেন সুমন। তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের মিশেলে দল গঠন করেছে চট্টগ্রাম। যেখানে সুমন ছাড়াও মেহেদী, জাফর, স্বাধীনদের মতো জাতীয় দলে ডাক পাওয়া, খেলার অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় রয়েছেন। তা ছাড়া বিদেশি যে প্লেয়াররা রয়েছেন নেপাল, পাকিস্তান কিংবা জাপানের তারাও ভালোমানের জানান সুমন। সব মিলে চট্টগ্রামের কোচিংস্টাফ থেকে খেলোয়াড়— সবাই পরীক্ষিত, আন্তরিক এবং দল নিবেদিত। তাই শুরুটা খারাপ হলেও সামনে চট্টগ্রাম সিটি ঘুরে দাঁড়াবে দৃঢ়বিশ্বাস সুমনের।

ঘরের মাঠে সদ্যই শেষ হলো সাফ চ্যাম্পিয়নশিপ। চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে খেলা বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নেয়। দলের এমন পারফরম্যান্সে যারপরনাই হতাশ সুমন। অনেকের মতো সুমনেরও বিশ্বাস ছিল এবার অন্তত শিরোপা জিতবে প্রিয় দল। ২৩ বছরের শিরোপা আক্ষেপ ঘুচিয়ে আরও একবার আনন্দ ভাসবে জাতি। তবে পাকিস্তানের কাছে সেমিতে হার সেই স্বপ্নে বড় ধাক্কা লাগে। তারপরও প্রিয় দলের ওপর আস্থা-বিশ্বাস হারাচ্ছেন সুমন। বর্তমান দলে হামজার মতো তারকা যেমন আছেন, তেমনি তরুণ আরও অনেক প্রবাসী ফুটবলার, দেশি পরীক্ষিত ফুটবলাররা রয়েছেন। এই দল ভবিষ্যতে সাফে শিরোপা জিতবে বলে সময়ের আলোকে জানান সুমন রেজা।

সময়ের আলো/প্রিন্ট/জেডি   

  বিষয়:   ইনজুরি  সুমন রেজা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: