বিতর্কের মুখে মেসি

ক্রীড়া ডেস্ক

খেলা

লিওনেল মেসির বিরুদ্ধে লাল কার্ডের দাবি তুলেছেন কলম্বাস ক্রুর কোচ লরাঁ কর্তোয়া। ইন্টার মিয়ামির বিপক্ষে এমএলএস প্লে-অফের প্রথম ম্যাচে প্রতিপক্ষের

2026-11-23T05:17:17+00:00
2026-11-23T05:17:17+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
খেলা
বিতর্কের মুখে মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:১৭ এএম 
ছবি : সংগৃহীত
লিওনেল মেসির বিরুদ্ধে লাল কার্ডের দাবি তুলেছেন কলম্বাস ক্রুর কোচ লরাঁ কর্তোয়া। ইন্টার মিয়ামির বিপক্ষে এমএলএস প্লে-অফের প্রথম ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখে বল ছুড়ে মারার ঘটনায় মেসিকে শুধু হলুদ কার্ড দেখানোয় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। সেই ম্যাচে মেসির মিয়ামিকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বাস। ফলে প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়নরা।

মিয়ামির নু স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ঘটে বিতর্কিত ঘটনাটি। থ্রো-ইন নেওয়ার সময় প্রয়োজনীয় দূরত্বে সরে না দাঁড়ানো কলম্বাসের ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়ার মুখ লক্ষ্য করে কাছ থেকে বল ছুড়ে মারেন মেসি। এ ঘটনায় মেসি ও তাপিয়া- দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি অ্যালেন চ্যাপম্যান। তবে কলম্বাস কোচ কর্তোয়ার মতে, মেসির শাস্তি হওয়া উচিত ছিল লাল কার্ড।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কর্তোয়া বলেন, ‘সবাই জানে, এটা হলুদ কার্ডের চেয়ে অনেক বেশি কিছু ছিল।’ ঘটনাটি নিয়ে এমএলএসের পর্যালোচনা করা উচিত কি না, এমন প্রশ্নে পুরো পরিস্থিতিকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। 

অন্যদিকে কলম্বাসের হয়ে জোড়া গোল করা তাপিয়া রেফারির সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে চাননি। তার ভাষায়, ‘এটা ম্যাচেরই একটি ঘটনা। লাল কার্ড কি না, জানি না। সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব আমার নয়।’ সত্যি বলতে, পরিস্থিতি যদি উল্টো হতো এবং আমি যদি মেসিকে আক্রমণ করতাম, তা হলে আমাকে শতভাগ মাঠ থেকে বের করে দেওয়া হতো, এটা সবাই জানে। ফুটবলে সবার জন্য সমান নিয়ম থাকা উচিত, কিন্তু তা নেই।’ বলেন তাপিয়া।

ম্যাচে অবশ্য বিতর্কের আগেই পিছিয়ে পড়েছিল মিয়ামি। নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দেন তাপিয়া। পেনাল্টিটি আদায় করেন তিনিই। মিয়ামির গোলরক্ষক ডেইন সেইন্ট ক্লেয়ারের ভুলভাল চ্যালেঞ্জে বক্সে ফাউলের শিকার হন এই ফরোয়ার্ড। ৩৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মিয়ামির গঞ্জালো লুহানকে। ১০ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচে ফেরার পথ আরও কঠিন হয়ে যায় স্বাগতিকদের।


দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান তাহা হাবরুনে। ৬০ মিনিটের আগেই নিজের দ্বিতীয় গোল করে কলম্বাসের জয় প্রায় নিশ্চিত করেন তাপিয়া। মিয়ামির গোলরক্ষক কয়েকটি ভালো সেভ করলেও দলের হার ঠেকাতে পারেননি। মেসিও দুটি ভালো সুযোগ তৈরি করেছিলেন, তবে সেগুলো কাজে লাগেনি।

এই হারে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে মিয়ামি। শুক্রবার কলম্বাসের মাঠে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে তাদের। হারলেই প্রথম রাউন্ড থেকে বিদায় নিশ্চিত। সিরিজে সমতা ফেরাতে পারলে তবেই তৃতীয় ম্যাচে ফেরার সুযোগ পাবে তারা।

মিয়ামির ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো স্বীকার করেছেন, পরের ম্যাচে হারলেই শেষ হয়ে যাবে তাদের প্লে-অফ অভিযান। তিনি বলেন, ‘চাপ অবশ্যই আছে। ইন্টার মিয়ামি সবসময় জয়ের জন্য খেলে। আমরা জানি, পরের ম্যাচে হারলে বিদায় নিতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্ত থাকা। আমরা আরও ভালো খেলতে পারি, সেটি প্রমাণ করতে হবে।’

এদিকে ম্যাচের আগে মেসির হাতে ২০২৬ মৌসুমের গোল্ডেন বুট পুরস্কার তুলে দেন ক্লাবের সহ-মালিক হোর্হে মাস। মৌসুমে ২৬ গোল করে টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। সঙ্গে ছিল ১৭টি অ্যাসিস্টও। তবে ব্যক্তিগত অর্জনের সেই উদযাপনের রাত শেষ হয়েছে দলীয় হতাশায়। এখন প্লে-অফে টিকে থাকতে মায়ামির সামনে ঘুরে দাঁড়ানোর কঠিন পরীক্ষা।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   বিতর্ক  মেসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: