প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পিএম
তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৮ রানের লিড পেয়েছে সফরকারী ভারত । ছবি : সংগৃহীতব্যাট হাতে দাপট দেখিয়ে ওয়েলিংটন টেস্টে চালকের আসনে ভারত। লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরি, শুভমন গিলের আক্ষেপের ৯৮, দেবদূত পাডিক্কাল ও যশস্বী জয়সওয়ালের ফিফটির পর রিশভ পান্তের ঝড়ো ব্যাটিংয়ে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৮ রানের লিড পেয়েছে সফরকারীরা। এই ইনিংসে বিরল এক কীর্তিও গড়েছে ভারত। টেস্ট ক্রিকেটে ৯৪ বছরের ইতিহাসে প্রথমবার দেশের বাইরে কোনো ইনিংসে দলের প্রথম পাঁচ ব্যাটারই অন্তত হাফসেঞ্চুরি করেছেন। অন্যদিকে ভারতের ব্যাটারদের সামনে রীতিমতো খরুচে বোলার হয়ে উঠেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। তবে ব্যর্থতার দিনে তার পাশে দাঁড়িয়েছেন বোলিং কোচ জ্যাকব ওরাম।
গতকাল শনিবার তৃতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬ রান। ১৩৬ রান করে আউট হয়েছেন রাহুল। গিলের ব্যাট থেকে এসেছে ৯৮ রান। এ ছাড়া জয়সওয়াল ৮৫ ও পাডিক্কাল ৮০ রান করেছেন। দিন শেষে ৫৫ রানে অপরাজিত পান্ত। হাতে ছয় উইকেট নিয়ে ভারতের লিড এখন ১১৮ রান।
দিনের শুরুতে ১ উইকেটে ১৫৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। তখনও নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ২০৯ রানে পিছিয়ে ছিল তারা। তাই শুরুতে বেশ সতর্ক ছিলেন রাহুল ও পাডিক্কাল। প্রথম ১০ ওভারে মাত্র ২০ রান তোলেন দুজন। পরে ধীরে ধীরে রানের গতি বাড়িয়ে গড়েন বড় জুটি। রাহুল তুলে নেন ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি, ওপেনার হিসেবে যা তার ১২তম। অন্যদিকে ৮০ রান করে কাইল জেমিসনের বলে বোল্ড হন পাডিক্কাল।
এরপর রাহুলের সঙ্গে জুটি বাঁধেন গিল। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৬৬ বলে ফিফটি তুলে নিয়ে নিউজিল্যান্ডের বোলারদের ওপর চাপ বাড়ান তিনি। তবে ১৩৬ রানে নাথান স্মিথের বলে আউট হন রাহুল। পরে গিলের সঙ্গে যোগ দেন পান্ত। দুজন মিলে গড়েন শতরানের জুটি। রানের পাহাড় গড়ার পথে ভারতের এই ইনিংস হয়ে উঠেছে ইতিহাসের অংশ। রাহুল, জয়সওয়াল, পাডিক্কাল, গিল ও পান্ত— প্রথম পাঁচ ব্যাটারের প্রত্যেকেই করেছেন অন্তত ৫০ রান। টেস্টে ভারতের এমন অর্জন এবার নিয়ে মোট পাঁচবার। তবে আগের চারবারের ঘটনা ঘটেছিল দেশের মাটিতে। এবার বিদেশে ওয়েলিংটনের মাটিতে প্রথমবার এই কীর্তি গড়ল ভারতের টপ অর্ডার।
রাহুলের ১৩৬ রানের ইনিংসটি ছুঁয়েছে আরেকটি মাইলফলক। প্রথম ভারতীয় ওপেনার হিসেবে চারটি সেরা দেশে— দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরি করেছেন তিনি। ওপেনার হিসেবে তার আগে এই কীর্তি গড়েছেন কেবল পাকিস্তানের সাঈদ আনোয়ার।
ভারতের ব্যাটারদের এমন সাফল্যের বিপরীতে ডাফির দিনটি ছিল হতাশার। ২৯ ওভারে ১৮০ রান খরচ করেছেন তিনি, ওভারপ্রতি দিয়েছেন ৬.২০ রান। তবে এমন পারফরম্যান্সের পরও ডাফির পাশে দাঁড়িয়েছেন বোলিং কোচ ওরাম। দিন শেষে সংবাদ সম্মেলনে তাকে নিয়ে একের পর এক প্রশ্নের মুখে পড়েন তিনি। ওরাম বলেন, ভালো সময়ে অতিরিক্ত উচ্ছ্বসিত না হওয়া এবং খারাপ সময়ে অতিরিক্ত হতাশ না হওয়াই তাদের চেষ্টা। গত দুই মৌসুমে ডাফি অনেক ভালো সময় কাটিয়েছেন, তাই একটি খারাপ দিন তাকে হতাশার গভীরে ঠেলে দেবে না বলেও মনে করেন তিনি।
ডাফির উন্নতির জায়গা নিয়েও কথা বলেছেন ওরাম। তার মতে, শুধু এক দিনের খরুচে বোলিং দিয়ে একজন বোলারের সামর্থ্য বিচার করা ঠিক নয়। রানআপ, বোলিংয়ের সময় পায়ের অবস্থান ও কব্জির ব্যবহার— সবকিছু নিয়েই নিয়মিত কাজ করছেন ডাফি। গত মৌসুমে স্যার রিচার্ড হ্যাডলি মেডেল ও প্লেয়ার্স ক্যাপ জয়ের সময়ও নিজের বোলিংয়ে উন্নতির চেষ্টা অব্যাহত রেখেছিলেন তিনি।
সময়ের আলো/প্রিন্ট/এসকে