প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ পিএম
মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে স্বাগতিকরা । ছবি : সংগৃহীতঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরে কিছুটা চাপে ছিল অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই দারুণ এক জয় তুলে নিয়েছে তারা। মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে জিতেছে স্বাগতিকরা। ঘরের মাঠে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটিই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। রোমাঞ্চকর এই জয়ে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন নিখিল চৌধুরী ও জ্যাক এডওয়ার্ডস।
গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৭ রান করে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি ব্রুক মাত্র ২৮ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। টম ব্যান্টন করেন ২২ বলে ৩৯ রান। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৮৭ রানে থামে তাদের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে নিখিল চৌধুরী ২১ রান দিয়ে ২ উইকেট নেন।
জবাবে শুরুতে উইকেট হারালেও মিচেল মার্শ ও স্যাম হার্পারের ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। মার্শ ৩২ বলে ৩৭ এবং অভিষেকেই হার্পার ১৫ বলে ৩২ রান করেন। এরপর নিখিল ৩৮ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের ভিত গড়ে দেন। শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১১ রান। স্যাম কারেনের প্রথম বলেই ছক্কা হাঁকান এডওয়ার্ডস। এরপর দুই রান, এক বল ডট এবং আরও দুই রান নিয়ে সমতা ফেরান। পঞ্চম বলে চার মেরে জয় নিশ্চিত করেন তিনি। ১১ বলে ২৫ রানে অপরাজিত থাকেন এডওয়ার্ডস।
ম্যাচসেরা নিখিলের জন্য জয়টি ছিল বিশেষ। দিল্লিতে জন্ম নেওয়া এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। ম্যাচ শেষে জানান, তার বাবা-মা আগের রাতেই ভারত থেকে এসেছেন। তাদের সামনে অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচসেরা হওয়া তার জন্য ছিল বিশেষ মুহূর্ত।
ইংল্যান্ড অধিনায়ক ব্রুকের মতে, জয়ের জন্য তাদের অন্তত আরও ১০ রান প্রয়োজন ছিল। অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তার আশা, এই জয় দলের নতুনদের আত্মবিশ্বাস বাড়াবে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মঙ্গলবার গোল্ড কোস্টে।
সময়ের আলো/প্রিন্ট/এসকে