দ্বাদশ বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করেছেন সাতজনবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে ফিক্সিং বিতর্ক যেন দীর্ঘদিনের সঙ্গী। এক আসর শেষ হয়, নতুন আসর শুরু হয়; কিন্তু ফিক্সিং নিয়ে প্রশ্নের অবসান হয় না। সন্দেহজনক কর্মকাণ্ড, তদন্ত কমিটি গঠন, ক্রিকেটার ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এবং নিষেধাজ্ঞা- সব মিলিয়ে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্বচ্ছতা নিয়ে আবারও তৈরি হয়েছে উদ্বেগ।
বিপিএলের একাদশ আসরে একের পর এক সন্দেহজনক কর্মকাণ্ড সামনে আসার পর গত বছরের ফেব্রুয়ারিতে তদন্ত কমিটি গঠন করে তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের উদ্যোগে অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বে গঠিত কমিটি দীর্ঘ অনুসন্ধান শেষে প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়।
ওই প্রতিবেদনের ভিত্তিতে দ্বাদশ বিপিএলের নিলামে অংশ নেওয়া থেকে বিরত রাখা হয় ৯ ক্রিকেটারকে। তারা হলেন এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন।
তবে, বিসিবির নেতৃত্বে পরিবর্তনের পর তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিষয়ে বোর্ডের অবস্থানেও পরিবর্তন আসে। তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ড ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনকে আগের মতো গুরুত্ব দেয়নি। যদিও ওই ৯ ক্রিকেটারের কর্মকাণ্ড অন্যদের তুলনায় বেশি নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছিলেন বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান।
এ দিকে, দ্বাদশ বিপিএল ঘিরেও ফিক্সিংয়ের একাধিক অভিযোগ সামনে আসে। এসব অভিযোগের তদন্ত শেষে এখন পর্যন্ত তিন দফায় ১০ জনের নাম প্রকাশ করেছে বিসিবি। অভিযুক্ত সবাইকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে।
তাদের মধ্যে সাতজন অভিযোগ স্বীকার করেছেন। ফলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির অপেক্ষা চলছে। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করায় বাকি তিনজনের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিযোগ স্বীকার করা সাতজনের মধ্যে রয়েছেন ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, বিসিবির সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করা তিনজন হলেন বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান। তাদের বিরুদ্ধে অভিযোগের নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালের মাধ্যমে।
তবে, বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগের তদন্ত এখানেই শেষ হচ্ছে না। আরও কয়েকজনের কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থাৎ, তদন্তের পরিধি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের কারও বিরুদ্ধে তদন্ত করার এখতিয়ার থাকলেও অভিযোগের বিষয়ে নাম প্রকাশ কিংবা শাস্তি ঘোষণার চূড়ান্ত ক্ষমতা ক্রিকেট বোর্ডের হাতে। ফলে তদন্তের পাশাপাশি অভিযোগের নিষ্পত্তি, শাস্তি কার্যকর এবং পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
সময়ের আলো/এসকে