রোনালদিনহোকে আরও খেলাতে চান কোচ, দিলেন ‘গ্রিন সিগন্যাল’

ক্রীড়া ডেস্ক

খেলা

দীর্ঘ ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের দল রাভেন্নার হয়ে

2026-11-20T20:07:15+00:00
2026-11-20T20:07:15+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খেলা
রোনালদিনহোকে আরও খেলাতে চান কোচ, দিলেন ‘গ্রিন সিগন্যাল’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:০৭ পিএম 
ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। ছবি : সংগৃহীত
দীর্ঘ ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের দল রাভেন্নার হয়ে মাঠে নেমেছেন তিনি। এবার তাকে আরও ম্যাচে খেলানোর আগ্রহ প্রকাশ করেছেন ক্লাবটির কোচ আন্দ্রেয়া মান্দোরলিনি। রোনালদিনহোর জন্য ক্লাবের দরজা সব সময় খোলা বলেও জানিয়েছেন তিনি।

গত রোববার ফরলির বিপক্ষে লিগের ডার্বিতে রাভেন্নার প্রথম একাদশে ছিলেন রোনালদিনহো। ম্যাচে ২-০ গোলে জয় পায় তার দল। ২০১৫ সালের পর কোনো পেশাদার ম্যাচ না খেলা এই তারকার প্রত্যাবর্তন ঘিরে ক্লাব ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।

ম্যাচ শেষে রোনালদিনহোকে আরও খেলানোর সম্ভাবনা নিয়ে কোচ আন্দ্রেয়া মান্দোরলিনি বলেন, ‘সে আমাকে বলেছে, আবার খেলতে তার সত্যিই ভালো লাগবে। সতীর্থদের সঙ্গেও দারুণ সময় কাটিয়েছে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আমার দিক থেকে আমি পুরোপুরি রাজি। তার মতো একজন চ্যাম্পিয়নের জন্য দরজা শুধু খোলাই নয়, পুরোপুরি খোলা।’

২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রোনালদিনহো। ২০০৫ সালে জিতেছেন ব্যালন ডি’অর। ক্যারিয়ারে তার গোলসংখ্যা ২৯৯। গত জুনে রাভেন্নার সঙ্গে চুক্তি করার পাশাপাশি ক্লাবটির মালিকানার অংশীদারও হয়েছেন তিনি।

রোনালদিনহোর উপস্থিতি মাঠের বাইরেও ক্লাবের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন কোচ মান্দোরলিনি। তিনি বলেন, ‘আমরা বিশ্বমানের প্রতিভার কথা বলছি। তবে সে অসাধারণ একজন মানুষও। কেউ সেলফি কিংবা অটোগ্রাফ চাইলে কখনো ফিরিয়ে দেয় না।’

রোনালদিনহোর হাসিমুখে ক্লাবে আসা এবং সতীর্থ, তরুণ খেলোয়াড় ও তাদের পরিবারের সঙ্গে সহজে মিশে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন কোচ। তার মতে, বিপণনের দিক থেকে এটি অসাধারণ সাফল্য। তবে কোচ হিসেবে মাঠের পারফরম্যান্সই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফরলির বিপক্ষে ডার্বি জয়ে রোনালদিনহো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও দাবি করেন তিনি।


নিজেও আবার মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছেন রোনালদিনহো। ফরলির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ খেলার পর তিনি বলেন, ‘এটাই কি আমার শেষ ম্যাচ? জানি না। সভাপতি যদি আমাকে ডাকতে থাকেন, আমি ফিরে আসব। এখানে আসা সব সময়ই আনন্দের। আমি সভাপতিকে বলেছি, তার প্রয়োজন হলে আমি এখানে থাকব।’

ফুটবলকে জীবনের সবচেয়ে সুন্দর বিষয় উল্লেখ করে ব্রাজিলিয়ান কিংবদন্তি আরও বলেন, ‘এখানে থাকা, মাঠে খেলা এবং ড্রেসিংরুমে ম্যাচের আগে প্রস্তুতির সেই আবহ—সবকিছুই দারুণ ছিল। ফুটবল সব সময়ই আমার জীবনের সবচেয়ে সুন্দর বিষয়।’

ইতালির তৃতীয় বিভাগের প্রতিযোগিতা সেরি সির পয়েন্ট তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে রাভেন্না। রোনালদিনহোর প্রত্যাবর্তন দলটির মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্লাবের প্রতি সমর্থকদের আগ্রহও বাড়িয়ে দিয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   রোনালদিনহো  খেলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: