প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:০৩ পিএম
আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ছবি : সংগৃহীতলর্ডসে শুধু ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট নয়, আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ঐতিহাসিক এই মাঠে আগামী বছর টি-টোয়েন্টি ম্যাচেও দেখা যাবে লাল-সবুজের প্রতিনিধিদের। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আয়োজনে ৩ জুন নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী বছরের মে মাসে যুক্তরাজ্য সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সফরের শুরুতে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তরা। যদিও ম্যাচটির তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এরপর ২৮ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। আগের সূচিতে এই ম্যাচের পরই দেশে ফেরার কথা থাকলেও নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি যুক্ত হওয়ায় সফর দীর্ঘ হচ্ছে।
লর্ডসের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের পরিচয় নতুন নয়। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে এই মাঠে এবারই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। শুধু বাংলাদেশের জন্যই নয়, লর্ডসের জন্যও ম্যাচটি বিশেষ। প্রায় আট বছর পর এই ভেন্যুতে ফিরছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট। সবশেষ ২০১৮ সালের জুলাইয়ে নেদারল্যান্ডস ও নেপালের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
লর্ডসের ম্যাচের আগে নেপালের মাটিতেও স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ কীর্তিপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুদল। ফলে ইংল্যান্ডের ঐতিহাসিক মাঠে মুখোমুখি হওয়ার আগে নেপালের বিপক্ষে তাদের কন্ডিশনেই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন টাইগাররা। লর্ডসকে ক্রিকেটের ‘হোম অব ক্রিকেট’ বলা হয়। বিশ্বের প্রায় সব ক্রিকেটারেরই এই মাঠে খেলার আকাঙ্ক্ষা থাকে। বাংলাদেশের ক্রিকেটারদের জন্যও তাই নেপালের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠতে পারে স্মরণীয় এক অভিজ্ঞতা।
সময়ের আলো/প্রিন্ট/এমকে