প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:০১ পিএম
হাসান মাহমুদ। ছবি : সংগৃহীতদক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বিশ্রামে থাকতে হচ্ছে হাসান মাহমুদকে। জোহানেসবার্গে প্রথম টেস্টে বল হাতে দলের সেরা পারফরমার হলেও ম্যাচজুড়ে একাধিকবার চোটের ধকল গেছে এই পেসারের ওপর। সেঞ্চুরিয়নে আগামী সোমবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ।
জোহানেসবার্গে প্রথম টেস্টে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৩০.৪ ওভার বল করেন হাসান। ১১৮ রান দিয়ে শিকার করেন চার উইকেট, যা ছিল দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ। তবে এই পারফরম্যান্সের পেছনে ছিল শারীরিক অস্বস্তির সঙ্গে লড়াই। ম্যাচের আগেই ডান হাতে সমস্যা থাকায় বাহুতে ব্রেস পরে অনুশীলন করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে বোলিংয়ের সময়ও তার ডান হাতে কালো ব্রেস দেখা যায়। এর মধ্যেই দ্বিতীয় দিনে মার্কাস অ্যাকারম্যানের জোরালো স্ট্রেইট ড্রাইভ ফলো থ্রুতে হাসানের হাত ছুঁয়ে মাথায় লাগে। প্রাথমিক চিকিৎসা নিয়ে অবশ্য আবার বোলিংয়ে ফেরেন।
চতুর্থ দিনেও পুরোনো চোট ভোগায় তাকে। বোলিংয়ের দ্বিতীয় ওভারে চার বল করার পর ডান হাতে অস্বস্তি অনুভব করেন হাসান। ফিজিও মাঠে এসে চিকিৎসা দিলেও তাৎক্ষণিকভাবে বোলিং চালিয়ে যেতে পারেননি। টেনিস এলবোর পুরোনো সমস্যায় কিছু সময়ের জন্য মাঠের বাইরেও থাকতে হয়। প্রায় ১০ ওভার পর কালো ব্রেস খুলে পুরো বাহুতে সাপোর্ট লাগিয়ে আবার ফেরেন মাঠে। পরে নতুন বলে সাইমন হারমারকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন।
শুধু এই ম্যাচের চোট নয়, সাম্প্রতিক ব্যস্ত সূচিও হাসানকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। গত আগস্টে অস্ট্রেলিয়া সফরের দুই টেস্ট দিয়ে শুরু করে চার মাসে দেশের ও দেশের বাইরে মোট ছয়টি টেস্ট খেলেছেন। পাশাপাশি কাউন্টি ক্রিকেটেও খেলেছেন দুই ম্যাচ। সব মিলিয়ে তার ওপর কাজের চাপ কমাতেই দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। হাসান না থাকায় সেঞ্চুরিয়নে বাংলাদেশের পেস আক্রমণে অন্তত একটি পরিবর্তন আসছে।
এদিকে দক্ষিণ আফ্রিকা দলেও আসছে পরিবর্তন। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা কাফ ইনজুরিতে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেছেন। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাভুমা নিজেই তার না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় পায়ে ডান পায়ের পেছনের দিকের পেশিতে অস্বস্তি অনুভব করেন বাভুমা। একাধিকবার মাঠেই চিকিৎসা নেন। শেষ পর্যন্ত ৪৯ রানে থাকতে মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হন প্রোটিয়া অধিনায়ক। পরদিন (ম্যাচের চতুর্থ দিন) অবশ্য দলের প্রয়োজনে আবার ব্যাটিংয়ে নামেন তিনি। আরও ১৯ রান যোগ করে অপরাজিত থেকে যান বাভুমা।
সময়ের আলো/প্রিন্ট/এমকে