প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:০০ পিএম
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি : সংগৃহীতরাজনীতির সঙ্গে খেলার সম্পর্ক নতুন নয়। ক্রীড়াঙ্গনের রন্ধ্রে রন্ধ্রে রাজনীতি জড়িয়ে। ক্লাব ফুটবলও এর বাইরে নয়। দেশের ঐতিহ্যবাহী ও পুরোনো ক্লাব আবাহনী লিমিটেডের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক কারোর অজানা নয়। ২০২৪ সালে রাজনৈতিক পটপরির্বতনের পর আবাহনী ক্লাব পরিচালনা কমিটি বেশ ঝামেলায় পড়ে। আর্থিক সংকটসহ দলবদল এমনকি ক্লাবের মূল্যবান সম্পদ ট্রফিও চুরি হয়ে যায়। আবাহনীর পরিচালনা পর্ষদ থাকলেও তাদের কার্যক্রম সেভাবে দৃশ্যমান নয়। একটি ঐতিহ্যবাহী দলের এমন অবস্থা চোখে পড়েছে খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। তাই তো তিনি গতকাল একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছেন। যেখানে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহামেডানকে এক কাতারে এনে দাঁড় করান। দল দুটির সাবেক খেলোয়াড়-কর্মকর্তাদের ডেকে এনে দারুণ এক ম্যাচের আয়োজন করেন।
ম্যাচ শেষে আমিনুল হক বলেন, ‘আমাদের স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আমরা দেখেছি যে বাংলাদেশের ফুটবল নিয়ে যখনই কোনো আলোচনা হয়েছে, সেখানে মোহামেডান এবং আবাহনীর নাম সবার আগে এসেছে। এ দুটি দল বাংলাদেশের সাপোর্টারদের ওপরে নির্ভরশীল এবং তাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য সবসময় মোহামেডান ও আবাহনী চ্যাম্পিয়ন দল গঠন করে থাকে। মোহামেডান ও আবাহনীর যে সৌহার্দপূর্ণ সম্পর্ক, সেটাকে আরও জোরদার করার জন্য আজকের (গতকাল) এই মিলনমেলা এবং আবাহনী ও মোহামেডানের সাবেক খেলোয়াড়দের উপস্থিতিতে আমরা আজকে (গতকাল) এই প্রদর্শনী ম্যাচ খেলেছি। ম্যাচের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে বিগত সময়ে আপনারা দেখেছেন বিভিন্ন ক্লাবকে পলিটিসাইজ করা হয়েছিল। কিন্তু আজকের যে মিলনমেলা, এই মিলনমেলার হাত ধরে আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে প্রত্যেকটি ক্লাবকে পরিচালিত করতে চাই এবং সেভাবেই আমরা বার্তা দিয়েছি।’
আমিনুল আরও যোগ করেন, ‘প্রধানমন্ত্রীও চান যে আগামীর বাংলাদেশে আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সব ক্লাব, স্পোর্টিং ক্লাব যারা রয়েছে, একাডেমি যারা রয়েছে, বাংলাদেশের স্পোর্টসকে আমরা সামগ্রিকভাবে, সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের স্পোর্টস, ফুটবল যাতে এগিয়ে যায় এবং বাংলাদেশে আবাহনী-মোহামেডানের যে ঐতিহ্য, সেটাকে সুদৃঢ় করা ও জোরদার করার লক্ষ্য নিয়ে আমাদের এই কার্যক্রম।’
বাংলাদেশ ন্যাশনাল টিম, আমাদের বর্তমানে যে ক্লাব, ঘরোয়া ফুটবল এবং জেলা পর্যায়ে আমরা ঘরোয়া লিগগুলো চালু করতে চাই; আমরা নতুন করে স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে চাই— বাংলাদেশের তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আমরা সত্যিকার অর্থেই চাই যে শুধু মোহামেডান-আবাহনী না, বাংলাদেশে আরও অনেক সাপোর্টার বেইজড দল গঠন করা হোক মন্তব্য আমিনুলের।
সময়ের আলো/প্রিন্ট/এমকে