অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীতদক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে হারের ব্যবধান ৯ উইকেটের। প্রথম ইনিংসে ৪০০ রান করে হারা দ্বিতীয় সফরকারী দল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে (১৬৮ রান) ব্যাটারদের বাজে পারফরম্যান্সের পরও ব্যাটিং নিয়ে হতাশ নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং কঠিন কন্ডিশনে তানজিদ হাসান, তাওহিদ হৃদয় ও লিটন দাসের ব্যাটিংয়ে সন্তুষ্ট তিনি। শান্তর মতে, ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতছাড়া হয়েছে বোলিং ও ফিল্ডিংয়ের ভুলে। অতিরিক্ত নো-বল আর ক্যাচ ছাড়ার খেসারত দিতে হয়েছে দলকে।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি। ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকে তানজিদ হাসানের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর শুরু। পরে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর তাওহিদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে ৪০০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। হৃদয় ও লিটনের ব্যাটিংয়ে তৈরি হওয়া বড় জুটি দলকে লড়াইয়ের ভিত গড়ে দেয়।
ম্যাচ শেষে শান্ত বলেন, ‘আমার মনে হয়, সাহসী সিদ্ধান্ত ছিল টস জিতে আগে ব্যাটিং করা। এমন কন্ডিশনে আমরা শেষ কবে এ রকম সিদ্ধান্ত নিয়েছি, তা মনে পড়ে না। তাই সাহসের ঘাটতি আমাদের নেই। আমি জানি, ব্যাট হাতে আমাদের শুরুটা ভালো হয়নি। টপঅর্ডারে কয়েকটি উইকেট হারিয়েছি।’
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রানের জবাবে ৫৫৭ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পঞ্চম দিনে ১৬৮ রানেই গুটিয়ে যায় শান্তর দল। মাঝের ও শেষের সারির ব্যাটারদের ওপর ছড়ি ঘোরান প্রোটিয়া স্পিনার সাইমন হারমার। একাই নেন ৬ উইকেট। কাগিসো রাবাদা পান ৩ উইকেট। ম্যাচে রাবাদার মোট উইকেট দাঁড়ায় ৮টি।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় নিয়ে অবশ্য খুব বেশি চিন্তিত নন শান্ত। তার মতে, এই কন্ডিশনে টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৮০ থেকে ২২০ রানের স্কোর অস্বাভাবিক নয়। বরং প্রথম ইনিংসে ৪০০ রান করার পর বোলিং ও ফিল্ডিংয়ে আরও ভালো করতে না পারাকেই হারের বড় কারণ মনে করছেন তিনি। শান্তর ভাষ্যে, ‘সাধারণত এ ধরনের কন্ডিশনে টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৮০ থেকে ২২০ রানের মধ্যে স্কোর হয়। সত্যি বলতে, দ্বিতীয় ইনিংসে আমাদের পারফরম্যান্স নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। আমার মনে হয়, প্রথম ইনিংসে ৪০০ রান করার পর বোলিং ও ফিল্ডিংয়ে আমরা ভুল করেছি।’
ম্যাচে মুশফিকুর রহিম ও মুমিনুল হকের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। তবে দুই অভিজ্ঞ ব্যাটারের পাশেই দাঁড়িয়েছেন অধিনায়ক, ‘মুশফিক ভাই এই ডব্লিউটিসি চক্রে খুব ভালো করেছেন। তার গড় ৪৪ (৫০.০৭)। শুধু ব্যাটিং নয়, মাঠে ও মাঠের বাইরে তার অভিজ্ঞতাও খুব গুরুত্বপূর্ণ। মুশফিক ভাইকে নিয়ে আমার কোনো সংশয় নেই। আমি নিশ্চিত, তিনি শক্তভাবে ফিরে আসবেন। মুমিনুল ভাই মানসিকভাবে শক্ত। আমি নিশ্চিত, তিনিও দ্রুত ঘুরে দাঁড়াবেন।’
দুই ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের ধরনেও ছিল বড় পার্থক্য। প্রথম ইনিংসে শুরুতে ধাক্কা খেলেও বড় দুটি জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল দল। রান তোলার গতিও ছিল ভালো। কিন্তু দ্বিতীয় ইনিংসে তানজিদ দ্রুত ফেরার পর অধিনায়ক শান্ত ও অভিষিক্ত মাহফিজুল ইসলাম উইকেটে থিতু হলেও রান তুলতে বেশ ভুগেছেন। এরপর দিনের মধ্যাহ্নভোজের পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
এমন পরিস্থিতিতে ব্যাটিংয়ে ইতিবাচক থাকার পরামর্শ শান্তর। শুধু উইকেট আঁকড়ে পড়ে থাকলে চলবে না, রান তোলার দিকেও মনোযোগ দিতে হবে বলে মনে করেন তিনি। নতুন বল সামলে নিতে পারলে পরের দিকে ব্যাটিং কিছুটা সহজ হবে বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
সময়ের আলো/প্রিন্ট/এমকে