পেশাদার ফুটবলকে বিদায় হুয়ান মাতার

ক্রীড়া ডেস্ক

খেলা

দুই দশকের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা

2026-11-19T23:05:56+00:00
2026-11-19T23:05:56+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
খেলা
পেশাদার ফুটবলকে বিদায় হুয়ান মাতার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:০৫ পিএম 
স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ছবি : সংগৃহীত
দুই দশকের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তবে মাঠের খেলোয়াড়ি জীবন শেষ হলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না এই স্প্যানিশ তারকা। বরং খেলার উন্নয়ন ও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে অন্য ভূমিকায় কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।

রিয়াল মাদ্রিদের যুব দল থেকে উঠে আসা মাতার সিনিয়র ক্যারিয়ারের শুরু ২০০৬ সালে। রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার (রিয়ালের দ্বিতীয় দল) হয়ে ৩৯ লিগ ম্যাচে ৯ গোল করে ২০০৭ সালে যোগ দেন ভ্যালেন্সিয়ায়। সেখানে চার মৌসুমে ১২৯ লিগ ম্যাচে করেন ৩৩ গোল। ২০০৭-০৮ মৌসুমে জেতেন কোপা দেল রে। ভ্যালেন্সিয়ায় নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েই জায়গা করে নেন ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে।

২০১১ সালের আগস্টে চেলসিতে যোগ দেন মাতা। স্টামফোর্ড ব্রিজে নিজের দুই পূর্ণ মৌসুমেই ক্লাবের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। চেলসির হয়ে ৮২ লিগ ম্যাচে ১৮ গোল করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ৩৩টি, ম্যাচ ১৩৫টি। এই সময়ে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ জয়ের স্বাদ পান। ২০১২ সালে চেলসির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।

২০১৪ সালের জানুয়ারিতে তৎকালীন ক্লাব রেকর্ড ৩৭.১ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন মাতা। ওল্ড ট্রাফোর্ডে দীর্ঘ আট বছরের বেশি সময় কাটিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮৫ ম্যাচে করেন ৫১ গোল। জেতেন ইউরোপা লিগ, এফএ কাপ ও লিগ কাপ। ২০১৫ সালে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে তার জোড়া গোলের একটি ছিল দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে। ইউনাইটেডের হয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি হয়ে আছে সেই গোল।


ইংল্যান্ড ছাড়ার পর ২০২২-২৩ মৌসুমে তুরস্কের গালাতাসারের হয়ে ১৬ লিগ ম্যাচে তিন গোল করেন মাতা। দলটির হয়ে জেতেন তুর্কি সুপার লিগ। পরের মৌসুমে জাপানের ভিসেল কোবের হয়ে একটি লিগ ম্যাচ খেলেন, ওই মৌসুমেই ক্লাবটি জেতে জে১ লিগ। এরপর অস্ট্রেলিয়ায় ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও মেলবোর্ন ভিক্টরির হয়ে খেলেন। ওয়েস্টার্ন সিডনির হয়ে ২৩ লিগ ম্যাচে এক গোলের পর মেলবোর্নের জার্সিতে ২৫ ম্যাচে করেন পাঁচ গোল। ২০২৫-২৬ মৌসুমে এ-লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘জনি ওয়ারেন মেডেল’ও জেতেন তিনি। ক্যারিয়ারের শেষ দিকে মেলবোর্ন ভিক্টরির মালিকানার সঙ্গেও যুক্ত হন।

জাতীয় দলেও মাতার অর্জনের ঝুলি সমৃদ্ধ। স্পেনের হয়ে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৪১ ম্যাচে করেছেন ১০ গোল। ২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির বিপক্ষে স্পেনের ৪-০ গোলের জয়ে একটি গোলও করেন। এর আগে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের কৃতিত্বও রয়েছে তার। ২০১২ লন্ডন অলিম্পিকেও স্পেনের হয়ে খেলেছেন এই মিডফিল্ডার।

সব মিলিয়ে ক্লাব পর্যায়ে ৭০০-এর বেশি ম্যাচ খেলে ১৫৮ গোল করেছেন মাতা, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭৫টি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে তার আলাদা পরিচিতি। ‘কমন গোল’ উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে ফুটবলারদের আয়ের একটি অংশ দাতব্য কাজে ব্যয়ের আহ্বান জানিয়েছেন তিনি। তার বিশ্বাস, ফুটবল শুধু গোল কিংবা শিরোপা জয়ের খেলা নয়; মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনার শক্তিশালী মাধ্যম।

অবসরের ঘোষণায় নিজের দীর্ঘ পথচলার পেছনে ফুটবলের প্রতি ভালোবাসাকেই বড় করে দেখেছেন মাতা। প্রতিদিন সকালে অনুশীলন ও খেলার জন্য আগ্রহ নিয়ে ঘুম থেকে ওঠার আনন্দই তাকে এত বছর মাঠে রেখেছে বলে জানিয়েছেন তিনি। তার ভাষায়, ‘ফুটবল কখনোই আমার জীবন থেকে চলে যাবে না। খেলাটিকে ভালোবাসা এবং মানুষের উন্নয়নের মাধ্যম হিসেবে ব্যবহার করার অনেক পথ রয়েছে। পেশাদার ফুটবল খেলা বন্ধ করতে পারি, কিন্তু কখনোই ফুটবলার হওয়া বন্ধ করব না।’


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   পেশাদার  ফুটবল  বিদায়  হুয়ান মাতা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: