প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:২৩ এএম
ছবি : সংগৃহীত এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে রেকর্ড গড়া জয় পেয়েছে ভারতীয় ‘এ’ দল। বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা ও তিলক ভার্মাদের নিয়ে গড়া দলটি নেপালকে হারিয়েছে ৩০৬ রানের বিশাল ব্যবধানে। লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে রানের ব্যবধানে এটি অষ্টম বৃহত্তম জয়।
ভারতীয় ‘এ’ দলের দেওয়া ৩৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৬ রানেই গুটিয়ে যায় নেপাল। ১১.৩ ওভারেই শেষ হয় তাদের ইনিংস। দলের কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে এটি চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
নেপালের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন ভারতের দুই পেসার হর্ষিত রানা ও প্রিন্স যাদব। দুজন মিলে তুলে নেন ৯ উইকেট। যাদব মাত্র ৬ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। অন্যদিকে ১৬ রানের বিনিময়ে ৪ উইকেট নেন রানা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৪২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। অভিষেক শর্মা ১৩ বলে ৯ এবং আয়ুস বাদানি ৭ বলে ২ রান করে ফেরেন। বৈভব সূর্যবংশীও বড় ইনিংস খেলতে পারেননি। ৩২ বলে ২৬ রান করে বোল্ড হন তিনি।
সেখান থেকে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান তিলক ভার্মা ও কুমার কুশাগরা। চতুর্থ উইকেটে দুজন গড়েন ২০৬ রানের দুর্দান্ত জুটি। দুজনই তুলে নেন সেঞ্চুরি। কুশাগরা ১০২ বলে ১০ চার ও ৫ ছক্কায় করেন ১১৭ রান। আর তিলক ১১৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় খেলেন ১০৭ রানের ইনিংস।
শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারালেও ভারতকে বড় সংগ্রহ এনে দেন সূর্যাংশ শেখ। মাত্র ১৪ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৬ রান করে অপরাজিত থাকেন তিনি। রিঙ্কু সিং ৯ ও শাহবাজ আহমেদ করেন ৮ রান। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩২ রান সংগ্রহ করে ভারতীয় ‘এ’ দল।
নেপালের হয়ে ললিত রাজবংশী ও সন্দীপ লামিচানে তিনটি করে উইকেট নেন। তবে তাঁদের সেই সাফল্য বড় ব্যবধানের হার এড়াতে পারেনি।
সময়ের আলো/এসএকে