প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ এএম
ছবি : সংগৃহীত ২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় এ প্রস্তাব দেয় বিসিবি। তবে সিরিজের সময়সূচি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির দেওয়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছে বিসিবি। শুক্রবার পাকিস্তানে সাংবাদিকদের নাকভি বলেছিলেন, আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
এ বিষয়ে আলোচনার সঙ্গে যুক্ত বিসিবির এক কর্মকর্তা শুক্রবার ক্রিকবাজকে বলেন, এশিয়া কাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশের বোর্ডই প্রস্তাবটির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
তবে সিরিজ আয়োজনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। প্রস্তাবটি দুই দেশের বোর্ডের বিবেচনায় রয়েছে। তাদের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে বিসিবি।
ওই কর্মকর্তা আরও বলেন, প্রস্তাবটি বিসিবির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং দুই দেশই তা বিবেচনা করছে। তাই এখনই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সুযোগ নেই। সিরিজে অংশ নেওয়ার বিষয়ে দুই বোর্ড পরে তাদের সিদ্ধান্ত জানাবে।
সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এর আগে সর্বশেষ ২০১৬ সালে টুর্নামেন্টটি আয়োজন করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণের সেই আসরে রানার্সআপ হয়েছিল স্বাগতিক দল।
তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অধীনে ২০২৭ সালের এশিয়া কাপই হতে যাচ্ছে প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট।
সময়ের আলো/এসএকে