প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:১৭ পিএম
জাতীয় দলের হয়ে ৬১ ম্যাচে হালান্ডের গোল এখন ৬৮টি । ছবি : সংগৃহীতদুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতি—কারও জন্য স্বস্তির সুবাতাস, কারও জন্য হতাশার দীর্ঘশ্বাস। জাতীয় দলের জার্সিতে কেউ আলো ছড়িয়েছেন, কেউ ফিরেছেন শৃঙ্খলাভঙের দায় নিয়ে। বিরতির এই সময়ে আর্সেনাল-লিভারপুলের শিবিরে যেমন ফিরেছে স্বস্তি, তেমনি অস্বস্তি বেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিতে। মাঠের বাইরের সিদ্ধান্ত আর মাঠের ভেতরের পারফরম্যান্স মিলিয়ে আন্তর্জাতিক বিরতি যেন নতুন করে ভাগ করে দিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর।
আন্তর্জাতিক বিরতি শেষে প্রিমিয়ার লিগে পাঁচ পয়েন্টের ব্যবধানে শীর্ষে আছে আর্সেনাল। বিরতির সময়টাও ভালো কেটেছে দলটির। মিডফিল্ডার ডেকলান রাইসের সঙ্গে নতুন চুক্তির আলোচনা এগিয়েছে। চোট কাটিয়ে উইলিয়াম সালিবারও মাঠে ফেরার অপেক্ষা শেষের দিকে। ওয়াটফোর্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছেন এই ফরাসি ডিফেন্ডার। জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের জার্সিতে স্পেনের বিপক্ষে জয়সূচক গোল করেছেন বেন হোয়াইট। অন্যদিকে বসনিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন আর্সেনালের স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস।
আন্তর্জাতিক বিরতিতে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন আর্লিং হালান্ড। ওয়েলস ও ডেনমার্কের বিপক্ষে দুই ম্যাচে করেছেন তিন গোল। তার পারফরম্যান্সে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। জাতীয় দলের হয়ে ৬১ ম্যাচে হালান্ডের গোল এখন ৬৮টি। নেশনস লিগেও ২৫ গোল নিয়ে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা এখন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।
লিভারপুলের জন্যও বিরতিটা ছিল স্বস্তির। দীর্ঘ চোটের পর অনুশীলনে ফিরেছেন কনর ব্র্যাডলি ও জিওভান্নি লিওনি। দুজনেরই চোট ছিল হাঁটুতে। জাতীয় দলের হয়ে দারুণ ছন্দে ছিলেন ফ্লোরিয়ান ভিরৎস। নেদারল্যান্ডসের বিপক্ষে জার্মানির ৫-০ গোলের জয়ে করেছেন দুটি গোল। সার্বিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়েও একটি গোল পেয়েছেন এই মিডফিল্ডার।
অন্যদিকে আন্তর্জাতিক বিরতিতে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কর্তারা। দলবদলে খেলোয়াড় বাছাই ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। ইয়ুরি টাইলেমানস, কার্লোস বালেবা ও আন্দ্রে সান্তোসের মতো খেলোয়াড়রা নাকি ক্লাবের পছন্দের তালিকায় সপ্তম বা অষ্টম অবস্থানে ছিলেন। এলিয়ট অ্যান্ডারসন ইউনাইটেডে যেতে আগ্রহী হলেও তার জন্য প্রয়োজনীয় অর্থ খরচ করতে রাজি হয়নি ক্লাব। এমনকি এই মৌসুমেই লিগ জয়ের সম্ভাবনা নিয়ে ক্লাবের শীর্ষ পর্যায়ের আত্মবিশ্বাসও সমালোচনার জন্ম দিয়েছে।
তবে ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনোর জন্য সময়টা ছিল আনন্দের। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দায়িত্বে থাকা অবস্থায় শেষ আট ম্যাচে টানা জয় পেয়েছেন তিনি। হাইতির বিপক্ষে দুই ম্যাচে ৮-০ গোলের সম্মিলিত জয়ও পেয়েছে যুক্তরাষ্ট্র। তার অধীনেই দলটি কনকাকাফ নেশনস লিগের সেমিফাইনালে উঠেছে। এরপর আড়াই বছরের চুক্তিতে ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার খবর সামনে আসে। দায়িত্ব নেওয়ার আগে বর্তমান খেলোয়াড়দের ভালোবাসা ও সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
চেলসির আক্রমণভাগের খেলোয়াড়দের জন্যও বিরতিটা সুখকর ছিল না। ওয়েলসের বিপক্ষে পর্তুগালের ৩-২ গোলের জয়ে গোল করেছিলেন পেদ্রো নেতো। কিন্তু এরপর দুই মিনিটেরও কম সময়ের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। লাল কার্ড দেখার পর সতীর্থ ক্রেইগ বেলামিকে তাকে শান্ত করতে এগিয়ে আসতে হয়। ফলে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না নেতো। ইংল্যান্ড দলে ডাক পাননি চেলসির কোল পালমারও। অন্যদিকে ব্রাজিলের হয়ে সিঙ্গাপুরের বিপক্ষে গোল করলেও চেলসিতে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন এস্তেভাও।
সময়ের আল/প্রিন্ট/এসকে