সাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ৫০-৬০ জন

নিজস্ব প্রতিবেদক

খেলা

তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার তুলে আনতে দেশের সাতটি শহরে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিটি একাডেমিতে

2026-11-22T20:31:44+00:00
2026-11-22T20:31:44+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
খেলা
সাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ৫০-৬০ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম 
বিসিবি সভাপতি তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার তুলে আনতে দেশের সাতটি শহরে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিটি একাডেমিতে বাছাই করা ৫০ থেকে ৬০ জন তরুণ ক্রিকেটারকে সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী কয়েক মাসের মধ্যেই এসব একাডেমির কার্যক্রম শুরু করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

রোববার (২২ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নতুন এই পরিকল্পনার কথা জানান তিনি। তামিমের স্পষ্ট বক্তব্য, বিসিবির একাডেমিগুলো স্থানীয় ক্রিকেট একাডেমির প্রতিদ্বন্দ্বী হবে না; বরং তাদের সহযোগী হিসেবে কাজ করবে।

বিসিবি সভাপতি বলেন, ‘বিসিবি একসঙ্গে ছয় থেকে সাতটি শহরে একাডেমি চালু করতে যাচ্ছে। তবে আমরা স্থানীয় একাডেমিগুলোকে কোনোভাবেই চ্যালেঞ্জ করতে চাই না। স্থানীয় একাডেমিগুলো থাকা খুবই জরুরি। কারণ, তারাই খেলোয়াড় তৈরি করে।’

একাডেমি চালু করতে বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন দেখছেন না তামিম। তার মতে, দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় আগে থেকেই মাঠ, উইকেট, ইনডোর সুবিধা ও কোচ রয়েছেন। নতুন অবকাঠামো তৈরি না করে বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়েই কার্যক্রম শুরু করা সম্ভব।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘সিলেটে যদি একটা একাডেমি হয়, সেখানে মাঠ আছে, উইকেট আছে, ইনডোরও আছে। আমার কী লাগবে একাডেমি শুরু করতে? বল আর কাপড়। আমার সব সুযোগ-সুবিধা আছে। একইভাবে চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালেও। কোচও আছে। জেলা ও বিভাগীয় কোচদের আমরা বেতন দিই। তারা তিন-চার মাস কাজ করার পর অনেক সময় আর কাজ থাকে না। এই একাডেমিগুলো চালু হলে তারাও কাজ করার সুযোগ পাবেন।’

নতুন একাডেমির মাধ্যমে বয়সভিত্তিক ক্রিকেটের বাছাই ও প্রস্তুতি প্রক্রিয়াতেও পরিবর্তন আনতে চান বিসিবি সভাপতি। বর্তমানে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের ক্ষেত্রে বয়স যাচাইয়ের পরপরই টুর্নামেন্ট শুরু হয়। তামিমের পরিকল্পনা, এই প্রক্রিয়া অন্তত চার মাস এগিয়ে আনা। এতে নির্বাচিত ক্রিকেটারেরা টুর্নামেন্ট শুরুর আগে পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ পাবেন।

তিনি বলেন, ‘এখন আমাদের প্রক্রিয়াটা কী? এক সপ্তাহ আগে তাদের বয়স পরীক্ষা করা হয়, এরপর এক সপ্তাহের মধ্যে খেলা শুরু হয়ে যায়। আমি যদি এই প্রক্রিয়াটা চার মাস আগে শুরু করি, তাহলে চার মাস আগে তাদের বয়স যাচাই হবে। এরপর চার মাস তারা বিসিবি একাডেমিতে প্রশিক্ষণ নেবে। তারপর খেলতে যাবে। এতে তারা অনেক বেশি প্রস্তুত থাকবে।’


একাডেমিতে সুযোগ পাওয়া ক্রিকেটারদের কাছ থেকে কোনো প্রশিক্ষণ ফি নেওয়া হবে না। প্রশিক্ষণের যাবতীয় খরচ বহন করবে বিসিবি। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি এড়াতে সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

তামিম বলেন, ‘আমরা চেষ্টা করব বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একাডেমিগুলো পরিচালনা করতে, যাতে তাদের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। যাদের আমরা নির্বাচন করব, ৫০ জন হোক বা ৬০ জন—তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা খরচে হবে। বিসিবি সবকিছুর দায়িত্ব নেবে।’

প্রাথমিকভাবে প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা রয়েছে, এমন শহরগুলোতেই একাডেমি চালু করা হবে। তবে তামিমের লক্ষ্য শুধু সাত শহরে সীমাবদ্ধ নয়। দীর্ঘ মেয়াদে দেশের ৬৪ জেলায় বিসিবির নিজস্ব একাডেমি গড়ে তুলতে চান তিনি। এ জন্য জেলা ও বিভাগীয় পর্যায়ে ইনডোর সুবিধা তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন।

বিসিবি সভাপতি বলেন, ‘আমি চাই একসময় ৬৪টি বিসিবি একাডেমি হোক। তবে এর জন্য ন্যূনতম সুযোগ-সুবিধা থাকতে হবে। শুরুতে ছয়-সাতটি শহর নিয়ে এগোবো। এরপর প্রতি বছর বা দুই বছর পরপর পর্যালোচনা করে এক বা দুটি করে একাডেমি বাড়ানোর চেষ্টা করব। কোনো শহর বা বিভাগ যদি নিজেদের উদ্যোগে একটি ইনডোর তৈরি করতে পারে, তাহলে সেখানে নতুন একাডেমি চালুর বিষয়টি আমরা বিবেচনা করব।’

পরিকল্পনাটি নিয়ে পরিচালকদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন তামিম। তাঁদের কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছেন তিনি। আগামী ২৮ নভেম্বর বিসিবির বোর্ড সভায় প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে কয়েক মাসের মধ্যেই একাডেমিগুলোর কার্যক্রম শুরু করার আশাবাদ জানিয়েছেন তিনি।

জাতীয় দলের তাৎক্ষণিক সাফল্যের পাশাপাশি তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত শক্তিশালী করাকে নিজের বড় অগ্রাধিকার হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। তাঁর মতে, ভবিষ্যতে ভালো ক্রিকেটার পেতে হলে এখন থেকেই কার্যকর পাইপলাইন তৈরি করতে হবে।

তামিমের ভাষায়, ‘জাতীয় দলের সাফল্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তবে আমার সবচেয়ে বড় অগ্রাধিকার হলো নিচ থেকে কাজ করে আসা। সুযোগ-সুবিধা তৈরি করা, এমন একটা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে ছেলেরা তৈরি হবে এবং বাংলাদেশের ক্রিকেট আরও ভালো হবে। শুধু জাতীয় দলকেন্দ্রিক হয়ে থাকলে গত ১০-১৫ বছরে যে কাজগুলো করা দরকার ছিল, সেগুলো আর করা হতো না।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সাত শহর  বিসিবি  ক্রিকেট একাডেমি  বিনা মূল্যে প্রশিক্ষণ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: