প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:০৬ এএম
ম্যানচেস্টার ইউনাইটেডের চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মুখোমুখি হতে হবে কোচ মরিসিও পচেত্তিনোকে । ছবি : সংগৃহীতআন্তর্জাতিক বিরতি শেষে আবারও মাঠে ফিরছে ক্লাব ফুটবল। ফিরেই বড় পরীক্ষার মুখে পড়তে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনোকে। দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মুখোমুখি হতে হবে তাকে, সেটিও অ্যানফিল্ডে।
যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে হাইতির বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৮-০ ব্যবধানে জয়ের অভিজ্ঞতা নিয়ে ইউনাইটেডে এসেছেন পচেত্তিনো। তবে ইংলিশ ক্লাবটির দায়িত্বটা সহজ হবে না। লিগের পয়েন্ট তালিকায় অবনমন অঞ্চলে থাকা ইউনাইটেড এখনও অ্যাওয়ে ম্যাচে জয়ের দেখা পায়নি। ১০ ম্যাচে হজম করেছে ১৯ গোল। আক্রমণে শট নেওয়ার সংখ্যায় এগিয়ে থাকলেও গোল করার হার মাত্র ৭ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে লিভারপুলও ঘরের মাঠে শেষ পাঁচ লিগ ম্যাচের মাত্র একটিতে জিতেছে। তবে অ্যানফিল্ডে সর্বশেষ ১০ ম্যাচের সাতটিতেই গোল করতে ব্যর্থ হয়েছে ইউনাইটেড।
অন্যদিকে ক্লাবটির ঘন ঘন কোচ পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর বেরাদা। তার মতে, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জনই ইউনাইটেডের লক্ষ্য। তবে গত তিন মৌসুমেরও কম সময়ে তিনজন স্থায়ী কোচ পরিবর্তন করায় সেই লক্ষ্য পূরণ হয়নি। অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকে ক্লাবটি সাতজন স্থায়ী কোচকে বরখাস্ত করেছে। সর্বশেষ বিদায় নিয়েছেন মাইকেল ক্যারিক। এর আগে দায়িত্ব হারিয়েছেন এরিক টেন হাগ ও রুবেন আমোরিম।
স্কাই স্পোর্টসকে বেরাদা বলেন, প্রত্যেক কোচের বিদায়ের পেছনে আলাদা পরিস্থিতি ছিল। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ক্লাব উন্নতির চেষ্টা করছে। দলবদলের কৌশল নিয়েও সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন তিনি। তার ভাষায়, খেলোয়াড় কেনার ক্ষেত্রে সঠিক মূল্য ও সঠিক সময় গুরুত্বপূর্ণ। দলের জন্য বাড়তি মূল্য যোগ করবেন কি না, নিশ্চিত না হয়ে কোনো খেলোয়াড়ের পেছনে ৪০-৫০ মিলিয়ন পাউন্ড খরচ করতে চায় না ইউনাইটেড।
এদিকে দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রুনো ফার্নান্দেসের চুক্তি নিয়েও প্রশ্নের মুখে পড়েন পচেত্তিনো। চুক্তির বিষয়ে সরাসরি কিছু না বললেও দলের অধিনায়কের প্রতি নিজের আস্থার কথা জানিয়েছেন তিনি। পচেত্তিনো বলেন, ‘ব্রুনো আমাদের অধিনায়ক এবং দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তবে দলের প্রত্যেক খেলোয়াড়কেই গুরুত্বপূর্ণ মনে করতে হবে। দলে সবারই সমান গুরুত্ব রয়েছে।’ ফার্নান্দেসের চুক্তি নিয়ে পরে আলোচনার সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সামনে সময় আছে।’
দায়িত্ব নেওয়ার পর খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার অভিজ্ঞতাও তুলে ধরেছেন ইউনাইটেডের নতুন কোচ। তিনি বলেন, ‘গতকাল আমি আমার অফিসে প্রায় তিন ঘণ্টা ধরে প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে আলাদা করে কথা বলেছি। হয়তো চোটের কারণে বাইরে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলা হয়নি, তবে সবার সঙ্গেই কথা বলব।’
পচেত্তিনো আরও বলেন, ‘খেলোয়াড়দের কথা শোনা খুব গুরুত্বপূর্ণ। তারা কী বলতে চায়, মাঠের বাইরে কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেসব বোঝার চেষ্টা করেছি। তাদের সঙ্গে কথা বলে ভালো লেগেছে। এরপর দলীয়ভাবেও কয়েকটি আলোচনা ও সভা করেছি।’
সময়ের আলো/প্রিন্ট/এসকে