সেঞ্চুরিয়নে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

জোহানেসবার্গে প্রথম ইনিংসে চারশ রান করেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। এবার সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ। কিন্তু মাঠে

2026-11-23T04:42:04+00:00
2026-11-23T05:02:15+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
খেলা
সেঞ্চুরিয়নে কঠিন পরীক্ষায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৪২ এএম  আপডেট: ২৩.১১.২০২৬ ৫:০২ এএম
ছবি : সংগৃহীত
জোহানেসবার্গে প্রথম ইনিংসে চারশ রান করেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। এবার সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ। কিন্তু মাঠে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে সফরকারীরা। চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এবং এ মুহূর্তে সবচেয়ে ছন্দে থাকা পেসার হাসান মাহমুদ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও পাচ্ছে না অধিনায়ক টেম্বা বাভুমাকে। তবে ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে থাকা প্রোটিয়াদের বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না, তা স্পষ্ট।

মুশফিকের কুঁচকির চোট এবং হাসানের কনুইয়ের সমস্যায় ব্যাটিং ও বোলিং- দুই বিভাগেই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই নামছে বাংলাদেশ। তাদের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে জাকের আলী ও শরীফুল ইসলামকে। প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর এমনিতেই চাপে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তার ওপর দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতি নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে।

জোহানেসবার্গে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪০০ রান করলে জবাবে ৫৫৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ১৫৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে মাত্র ১৬৮ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। প্রথম ইনিংসে প্রতিপক্ষের চারশ বা তার বেশি রান করার পর দক্ষিণ আফ্রিকার এটি মাত্র তৃতীয় টেস্ট জয়। ঘরের মাঠে তাদের সাম্প্রতিক আধিপত্যও চোখে পড়ার মতো। সর্বশেষ ১৫টি হোম টেস্টের ১৩টিতেই জিতেছে প্রোটিয়ারা।

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত গড়ে দেন মার্কাস অ্যাকারম্যান। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে রূপ দেন ১৫৭ রানের ইনিংসে। নতুন বলের বিপক্ষে কঠিন সময় সামলে যেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন, তেমনি সুযোগ পেলেই খেলেছেন দৃষ্টিনন্দন সব শট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও না পাওয়ার আক্ষেপ বাংলাদেশ ম্যাচে ঘুচিয়েছেন তিনি।

অ্যাকারম্যানকে দারুণ সঙ্গ দেন রায়ান রিকেলটন। তুলে নেন নিজের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। কাগিসো রাবাদার ৭২ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ পৌঁছে যায় ৫৫৭ রানে। ব্যাটিংয়ের পর বল হাতেও নিজের সামর্থ্যরে প্রমাণ দেন রাবাদা। ম্যাচে নেন ৮ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে সাইমন হারমারের ঘূর্ণিতে দ্রুত শেষ হয়ে যায় বাংলাদেশের প্রতিরোধ। একাই শিকার করেন ৬ উইকেট।


তবে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স ছিল আশাব্যঞ্জক। ১২২ রানে ৫ উইকেট হারানোর পর তাওহীদ হৃদয় ও লিটন দাসের ২০৬ রানের জুটি দলকে ৪০০ রানের সংগ্রহ এনে দেয়। দুজনই তুলে নেন সেঞ্চুরি। বিশেষ করে হৃদয় আছেন দুর্দান্ত ফর্মে। গত দুই মাসে অপরাজিত ৩৫০ ও ২৪২ রানের দুটি ইনিংস খেলেছেন তিনি। সেঞ্চুরিয়নেও তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।

তবে প্রথম ইনিংসের সেই ব্যাটিং দ্বিতীয় ইনিংসে ধরে রাখতে পারেনি দল। দক্ষিণ আফ্রিকার লিডের পর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকেছে বাংলাদেশ। দীর্ঘ সময় উইকেটে থেকেও রান তুলতে পারেননি অভিষিক্ত মাহফিজুল ইসলাম ও অধিনায়ক শান্ত। দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন মুমিনুল হক। প্রথম ইনিংসে ভালো করা তানজিদ হাসান, হৃদয় ও লিটনও দ্বিতীয় ইনিংসে নিজেদের মেলে ধরতে পারেননি।

বোলিংয়েও উন্নতির জায়গা রয়েছে বাংলাদেশের। প্রথম টেস্টে পেসাররা কয়েকটি পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়েছেন। এবাদত হোসেনকে যথেষ্ট সময় বোলিংয়ে ব্যবহার করা হয়নি। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে মেহেদী হাসান মিরাজও প্রত্যাশিত প্রভাব রাখতে পারেননি। দ্বিতীয় টেস্টে প্রতিদ্বন্দ্বিতা গড়তে হলে বোলিংয়ে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি সুযোগ কাজে লাগাতে হবে ফিল্ডারদেরও।

অন্যদিকে বাভুমার চোটে দক্ষিণ আফ্রিকার একাদশে জায়গা পেয়েছেন টনি ডি জর্জি। তার সঙ্গে ফিরেছেন পেসার আনরিখ নর্কিয়া। বাদ পড়েছেন চোট পাওয়া বাভুমা ও ডেন প্যাটারসন। অধিনায়ককে না পেলেও প্রথম টেস্টের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে পেসারদের জন্য সহায়ক উইকেটের প্রত্যাশা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার ব্যাটার এইডেন মার্করামের ভাষায়, এটি সেঞ্চুরিয়নের চিরচেনা উইকেট। শুরুতে কিছুটা ধীর থাকলেও ম্যাচ যত এগোবে, উইকেট তত দ্রুত হবে। এখানে পেস ও বাউন্সের সুবিধা পাওয়া যায়। তবে উইকেটে থিতু হতে পারলে বড় রান করার সুযোগও রয়েছে।

সাম্প্রতিক এই মাঠে স্পিনারদের ভূমিকা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। সর্বশেষ চারটি টেস্টে তাদের প্রভাব ছিল সামান্য। সেপ্টেম্বরে এখানে টাইটানস ও ডলফিনসের প্রথম শ্রেণির ম্যাচেও স্পিনাররা পেয়েছেন মাত্র একটি উইকেট। ফলে সেঞ্চুরিয়নে বাংলাদেশের পেসারদের ওপরই বেশি দায়িত্ব থাকতে পারে।

সবমিলে সেঞ্চুরিয়নে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। মুশফিক ও হাসানের অনুপস্থিতি সামলে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দলকে মোকাবিলা করতে হবে। সিরিজে সমতা ফেরাতে হলে প্রথম টেস্টের ইতিবাচক দিকগুলো ধরে রেখে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই আরও ভালো করতে হবে শান্তর দলকে।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   সেঞ্চুরি  পরীক্ষা  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: