তামিম ইকবাল। ছবি : সংগৃহীতফিল সিমন্সের সঙ্গে চুক্তি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়ে সরাসরি কোনো নিশ্চয়তা দিলেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। বরং এমন কিছু মন্তব্য করলেন, যাতে কোচের দায়িত্বে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অবশ্য শুধু সিমন্সের ভবিষ্যৎ নয়, সংবাদ সম্মেলনে দেশের ক্রিকেটের নানা পরিকল্পনা ও সম্ভাবনার কথাও জানিয়েছেন তামিম।
আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন, দ্বিপক্ষীয় ও ত্রিদেশীয় সিরিজ, ক্রিকেটারদের সুযোগ-সুবিধা এবং অবকাঠামো উন্নয়ন—সব বিষয়েই দিয়েছেন নতুন তথ্য।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভায় অংশ নিয়ে দেশে ফিরেছেন তামিম। এরপর মিরপুরে সংবাদ সম্মেলনে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান নিয়ে কথা বলেন তিনি। তবে সংবাদ সম্মেলনের সবচেয়ে আলোচিত অংশ ছিল জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সকে নিয়ে তাঁর মন্তব্য।
সিমন্সের পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করছেন—এমন প্রশ্নে তামিম বলেন, ‘যেহেতু একটা সিরিজ চলছে আমার নিজস্ব মতামত নিশ্চয়ই আছে, আমি নিশ্চিত সামনে আপনারা অনেক কিছুই দেখবেন। এ মুহূর্তে একটা সিরিজ চলছে, আমাকে সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বাংলাদেশ দল আরেকটি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে, এরপর ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আপনারা জানবেন।’ এদিকে সেঞ্চুরিয়ন টেস্টের আগে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের উত্তরে সিমন্স জানালেন, ‘চুক্তি বা এ ধরনের কোনো বিষয় নিয়ে বোর্ডের সঙ্গে আমার কোনো কথা হয়নি। আর এসব বিষয় আমাকে বিরক্তও করছে না।’
২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সিমন্সের সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির। তবে তামিমের বক্তব্যে কোচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর কথায় নিজের মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত থাকলেও কোনো সিদ্ধান্তের কথা স্পষ্ট করেননি বিসিবি সভাপতি। চলমান সিরিজের প্রতি সম্মান দেখিয়ে এ মুহূর্তে বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে চাননি তিনি।
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি সুখবরও জানিয়েছেন তামিম।
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় অলিম্পিকের ক্রিকেট ইভেন্টে ছেলেদের বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ। আট দলের এই টুর্নামেন্ট থেকে একটি দল অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে। তামিমের দেওয়া তথ্য অনুযায়ী, বাছাইপর্বের ম্যাচগুলো ঢাকায় আয়োজনের সম্ভাবনাই বেশি। এ আয়োজনকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অর্জন। আমাদের দেশও যেহেতু খেলবে, আশা করি তারা ঘরের মাঠের সুবিধা পাবে।’
২০৩১ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। সেই বিশ্বকাপের একটি সেমিফাইনাল দেশের মাটিতে আয়োজনের চেষ্টা করছে বিসিবি। এ বিষয়ে আশাবাদী তামিম। শুধু সেমিফাইনাল নয়, গ্রুপ পর্বের ম্যাচও আগের আসরগুলোর তুলনায় বাংলাদেশে বেশি আয়োজনের পরিকল্পনা রয়েছে বোর্ডের। আন্তর্জাতিক ক্রিকেটের সূচি নিয়েও পরিকল্পনা করছে বিসিবি। আগামী বছর বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তবে সিরিজটি বিশ্বকাপের আগে নয়, এশিয়া কাপের আগে আয়োজন করতে চায় বিসিবি। এ নিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ইতিবাচক মনোভাব দেখিয়েছে। যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ ছাড়া সাদা বলের ক্রিকেটে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের আলোচনা চলছে। তামিম জানিয়েছেন, এ বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে আলোচনা এগোচ্ছে এবং ভবিষ্যতে এ নিয়ে ভালো খবর আসতে পারে বলে আশাবাদী তিনি।
দেশের ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্রিকেটারদের জন্য জিমনেসিয়াম, সুইমিংপুল ও অ্যাথলেটিকস ট্র্যাক তৈরির পরিকল্পনা রয়েছে। এসব সুবিধা নিশ্চিত করতে পাঁচ বছরের জন্য প্রাইম ব্যাংককে পৃষ্ঠপোষক হিসেবে পেয়েছে বিসিবি।
তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসারে দেশের ছয়টি জেলা শহরে বিসিবি ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনাও রয়েছে। উদ্যোগগুলোর বিষয়ে সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত হয়েছে। আগামী ২৮ নভেম্বর বিসিবির বোর্ড সভায় অনুমোদনের জন্য সেগুলো উপস্থাপন করা হবে।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে