প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:১১ এএম
মো. আমিনুল হক। ছবি : সংগৃহীত ক্রীড়াবিদদের স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এ লক্ষ্যে ল্যাবএইড গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে ক্রীড়া কার্ডধারী খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যরা ল্যাবএইডের বিভিন্ন হাসপাতাল, ক্যানসার হাসপাতাল এবং টেলিমেডিসিন সেবায় পাবেন বিশেষ ছাড়।
গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ক্রীড়াবিদদের জন্য প্রশিক্ষণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি অবসর-পরবর্তী জীবনেও সহযোগিতা দেওয়ার লক্ষ্য সরকারের। প্রতিমন্ত্রী জানান, ক্রীড়া কার্ডের মাধ্যমে ভবিষ্যতে আরও কল্যাণমূলক সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে খেলোয়াড়দের জন্য সমন্বিত কল্যাণব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার।
সমঝোতা স্মারক অনুযায়ী, ল্যাবএইডের বিভিন্ন প্রতিষ্ঠানে বহির্বিভাগের প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ এবং সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি ও আলট্রাসনোগ্রামসহ নির্দিষ্ট পরীক্ষায় ১৫ শতাংশ ছাড় পাবেন ক্রীড়া কার্ডধারীরা। হাসপাতালে ভর্তি রোগীদের বেড চার্জেও থাকবে বিশেষ ছাড়।
ল্যাবএইড ক্যানসার হাসপাতালেও প্যাথলজি, বায়োকেমিস্ট্রি ও বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষার পাশাপাশি ভর্তি রোগী এবং কেমো ডে-কেয়ারের বেড চার্জে ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে, লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, অ্যাপয়েন্টমেন্ট, বাসায় নমুনা সংগ্রহ, অ্যাম্বুলেন্স বুকিংয়ে সহায়তা এবং বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার সুবিধাও পাবেন তারা।
সময়ের আলো/এসএকে