সেঞ্চুরিয়নে কঠিন দিনে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

৯১ রানে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হওয়ার পর সেঞ্চুরিয়নে ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য বোলারদের কাছ থেকে বড় কিছু প্রত্যাশা ছিল।

2026-11-25T04:06:00+00:00
2026-11-25T04:06:00+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খেলা
সেঞ্চুরিয়নে কঠিন দিনে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:০৬ এএম 
সেঞ্চুরিয়নে কঠিন দিনে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
সেঞ্চুরিয়নে কঠিন দিনে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
৯১ রানে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হওয়ার পর সেঞ্চুরিয়নে ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য বোলারদের কাছ থেকে বড় কিছু প্রত্যাশা ছিল। কিন্তু দ্বিতীয় দিনেও সেই আশায় পানি ঢালেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। মার্কাস অ্যাকারম্যানের টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, উইয়ান মুল্ডারের সেঞ্চুরিতে স্বাগতিকদের লম্বা ব্যাটিংয়ে দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে। ৭ উইকেটে ৪৯৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তাদের লিড দাঁড়িয়েছে ৪০৩ রান।

প্রথম দিন বৃষ্টির কারণে খেলা অনেকটা সময় নষ্ট হয়েছিল। তবে দ্বিতীয় দিনে পর্যাপ্ত সময় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আগের দিন ১ উইকেটে ৮৮ রান নিয়ে মাঠ ছাড়া স্বাগতিকরা দিন শুরু করে বাংলাদেশের বোলারদের ওপর চাপ বাড়িয়ে। দিন শেষে ১১৫ ওভারে ৭ উইকেটে ৪৯৪ রান করেছে। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ করা।

আগের দিন ৪৬ রানে অপরাজিত থাকা মার্কাস অ্যাকারম্যান দ্বিতীয় দিনেও ছিলেন দুর্দান্ত। জুবায়ের হামজাকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়েন তিনি। ৬১ বলে ২৭ রান করে হামজা ফিরলে ভাঙে এই জুটি। তাকে ফেরান খালেদ আহমেদ।

এরপর টনি ডি জর্জিকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে আরও ৭৪ রান যোগ করেন অ্যাকারম্যান। এই জুটিতে ডি জর্জির চেয়ে অনেক বেশি আগ্রাসী ছিলেন তিনি। মাত্র ১৩৮ বলে ১৫০ রান পূর্ণ করেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার। তার ইনিংসে ছিল ২৩টি চার ও চারটি ছক্কা। আগের টেস্টে ১৫৭ রানের পর এবারও দেড়শ ছাড়িয়ে টানা দুই টেস্টে সেঞ্চুরি করলেন তিনি।

অ্যাকারম্যানের ইনিংস থামান শরিফুল ইসলাম। ১৫০ রানে পৌঁছানোর পরের বলেই শরিফুলের ফুলটসে এলবিডব্লিউ হন এই ওপেনার। বাংলাদেশের জন্য সেটি ছিল স্বস্তির মুহূর্ত, যদিও ততক্ষণে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি।


অ্যাকারম্যানের বিদায়ের পরও দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি থামেনি। এক প্রান্ত আগলে রেখে ইনিংস এগিয়ে নেন টনি ডি জর্জি। তার ব্যাট থেকে আসে ৬৬ রান। অন্য প্রান্তে উইয়ান মুল্ডারসহ পরের ব্যাটাররাও দলের সংগ্রহ বাড়াতে অবদান রাখেন। বাংলাদেশের বোলাররা নিয়মিত উইকেট পেলেও দক্ষিণ আফ্রিকার রান আটকে রাখতে পারেননি।

দিনের শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৪৯৪ রান তোলে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট পেলেও বড় লিড ঠেকানো যায়নি। অ্যাকারম্যানের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি ডি জর্জির ধৈর্যশীল ইনিংসও দক্ষিণ আফ্রিকাকে চালকের আসনে বসিয়েছে।

প্রথম দিন ৯১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় দিনেও বোলিংয়ে প্রত্যাশিত নিয়ন্ত্রণ দেখাতে পারেনি বাংলাদেশ। অ্যাকারম্যানের বিপক্ষে সুযোগ কাজে লাগাতে না পারা এবং রান আটকে রাখতে ব্যর্থ হওয়ায় ব্যবধান বেড়েছে দ্রুত। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা এবার দ্বিতীয় টেস্টেও বড় জয়ের পথে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   সেঞ্চুরিয়ন  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: