রুগ্ন ব্যাটিংয়ে লজ্জার হার

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজে হারলেও বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের আত্মবিশ্বাস ছিল বাংলাদেশের। সেই বিশ্বাসে

2026-11-25T23:17:53+00:00
2026-11-25T23:21:58+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খেলা
রুগ্ন ব্যাটিংয়ে লজ্জার হার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:১৭ পিএম  আপডেট: ২৫.১১.২০২৬ ১১:২১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজে হারলেও বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের আত্মবিশ্বাস ছিল বাংলাদেশের। সেই বিশ্বাসে বলীয়ান হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে সেই আত্মবিশ্বাসের কোনো প্রতিফলন দেখা গেল না। 

জোহানেসবার্গে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে কিছুটা সম্মান বাঁচালেও সেঞ্চুরিয়নে দুই ইনিংসেই ব্যাটিংয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। বোলাররাও প্রতিপক্ষের ব্যাটারদের ওপর চাপ তৈরি করতে পারেননি। ব্যাটিংয়ে দায়িত্বহীনতা আর বোলিংয়ে ধারহীনতার সুযোগ নিয়ে বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আড়াই দিনের মধ্যেই শেষ হয়েছে দ্বিতীয় টেস্ট। তাতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশে লজ্জা দিয়েছে স্বাগতিকরা।

সেঞ্চুরিয়নে বাংলাদেশের ব্যর্থতার শুরু প্রথম ইনিংস থেকেই। মাত্র ৯১ রানে অলআউট হয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে দল। জবাবে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তাতে বাংলাদেশের সামনে দাঁড়ায় ৪০৩ রানের বিশাল ঘাটতি। এমন পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের কাছ থেকে অন্তত লড়াইয়ের প্রত্যাশা ছিল। কিন্তু শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ১৮৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের পেছনে ছিল মার্কাস অ্যাকারম্যান ও উইয়ান মুল্ডারের সেঞ্চুরি। তাদের সঙ্গে টনি ডি জর্জি ও মার্কো ইয়ানসেনের অর্ধশতক স্বাগতিকদের শক্ত অবস্থানে পৌঁছে দেয়। দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৪৯৪ রান নিয়ে দিন শেষ করা দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের খেলা শুরুর আগেই ইনিংস ঘোষণা করে। মুল্ডার করেন ১০০ রান, ইয়ানসেন অপরাজিত ছিলেন ৬৭ রানে। ৪০৩ রানের বোঝা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য প্রথম ইনিংসের তুলনায় ভালো শুরু পায় বাংলাদেশ। মাহফিজুল ইসলাম ও তানজিদ হাসান গড়েন ৫৮ রানের উদ্বোধনী জুটি। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে এটিই বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি।

কিন্তু সেই শুরুর পর আবারও পুরোনো চিত্র। অফ স্টাম্পের বাইরের বলে দুর্বলতা কাটিয়ে উঠতে পারেননি তানজিদ। ৪৮ বলে ২৯ রান করে ফেরেন তিনি। পরের ধাক্কা আসে মুমিনুল হকের বিদায়ে। মাত্র পাঁচ বল খেলে মুল্ডারের বলে লেগ সাইডে ক্যাচ দেন উইকেটরক্ষককে। পুরো সিরিজে অভিজ্ঞ এই ব্যাটারের সংগ্রহ মাত্র ১৯ রান।


মাহফিজুল কিছুক্ষণ লড়াই চালালেও তাকে সঙ্গ দিতে পারেননি সতীর্থরা। মুল্ডারের এক ওভারে দুটি চার মারার পরের ওভারেই মার্কো ইয়ানসেনের ইনসুইঙ্গারে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ৬২ বলে ৭ চারে ৩৮ রান করেন এই ওপেনার। ৭৮ রানে তিন উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় কিছুটা আশার আলো দেখান। বিশেষ করে হৃদয়ের ব্যাটে ছিল আক্রমণাত্মক মেজাজ। অ্যানরিখ নরকিয়ার এক ওভারে চার ও ছক্কা হাঁকিয়ে পাল্টা আঘাতের চেষ্টা করেন তিনি। কিন্তু কাগিসো রাবাদার বলে অফ স্টাম্পের বাইরের বল গাইড করতে গিয়ে গালিতে জুবায়ের হামজার দুর্দান্ত ডাইভিং ক্যাচে পরিণত হন হৃদয়। ৩৩ বলে ৭ চার ও এক ছক্কায় ৪১ রান করেন তিনি। ১২৮ রানে ভাঙে শান্ত-হৃদয়ের ৫০ রানের জুটি।

এরপর লিটন দাস ও শান্ত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু মুল্ডার এসে বাংলাদেশের সেই শেষ আশাটুকুও ভেঙে দেন। প্রথমে বোল্ড করেন ১৫ রান করা লিটনকে। পরের ওভারে জাকের আলীকে ফিরিয়ে দেন। এরপর শরিফুল ইসলামকে আউট করে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেটের স্বাদ পান এই অলরাউন্ডার। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও পরের বলটি সামলে দেন তাসকিন আহমেদ। 

তবে মুল্ডারের তা-ব তখনও বাকি। নিজের পরের ওভারে ৩৪ রান করা শান্তকে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এরপর তাসকিনকে বোল্ড করে তুলে নেন সপ্তম উইকেট। বাংলাদেশের শেষ উইকেটটি নেন ইয়ানসেন। তার বলে খালেদ আহমেদের টপ এজ থেকে ওঠা ক্যাচটি দারুণভাবে ধরেন মুল্ডার। ১৮৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

৩১ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং করেন মুল্ডার। এর আগে কোনো টেস্টে ছয়টির বেশি উইকেট পাননি তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে সাত উইকেট, ব্যাটে-বলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেই বাংলাদেশের হারের ব্যবধান বাড়িয়ে দেন তিনি।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   ব্যাটিং  লজ্জা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: