শান্তর মুখে ফের অজুহাত

ক্রীড়া প্রতিবেদক

খেলা

হারের পর দায় কখনো বোলারদের, কখনো কন্ডিশনের। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যর্থতার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বক্তব্যে বারবার উঠে

2026-11-25T23:29:58+00:00
2026-11-25T23:29:58+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খেলা
সেঞ্চুরিয়নে লজ্জার ইনিংস হার
শান্তর মুখে ফের অজুহাত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:২৯ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
হারের পর দায় কখনো বোলারদের, কখনো কন্ডিশনের। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যর্থতার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বক্তব্যে বারবার উঠে আসছে এমন ব্যাখ্যা। জোহানেসবার্গে প্রথম টেস্ট হারের পর বোলারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তিনি। সেঞ্চুরিয়নে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই চরম ব্যর্থতার পর এবার দায় চাপালেন কন্ডিশনের ওপর। অথচ দক্ষিণ আফ্রিকায় কী ধরনের উইকেট ও পরিবেশের মুখোমুখি হতে হবে, তা অজানা ছিল না বাংলাদেশের। 

প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট, প্রতিপক্ষের ৪৯৪ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে গুটিয়ে যাওয়া- সব মিলিয়ে আড়াই দিনেই ইনিংস ও ২১৯ রানের হার। এমন পারফরম্যান্সের পরও নিজেদের ব্যর্থতার ব্যাখ্যায় কন্ডিশন ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি সামনে আনলেন অধিনায়ক।

ডারউইনে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে প্রত্যাশা ছিল ঘুরে দাঁড়ানোর। প্রোটিয়াদের মাটিতে এর আগে কখনো টেস্ট ড্র করতে না পারা বাংলাদেশ এবার অন্তত প্রতিদ্বন্দ্বিতা গড়ার স্বপ্ন দেখেছিল। জোহানেসবার্গে প্রথম ইনিংসে ৪০০ রান করে কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত হারতে হয়। সেঞ্চুরিয়নে গিয়ে সেই সামান্য প্রতিরোধও দেখা যায়নি। দুই টেস্টেই হারের পর সংবাদ সম্মেলনে শান্তকে দিতে হয়েছে একের পর এক অস্বস্তিকর প্রশ্নের উত্তর।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণ জানতে চাইলে শান্ত স্বীকার করেন, ব্যাটিং ইউনিট প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। তার ভাষায়, ‘হ্যাঁ, অবশ্যই আমরা জানতাম কন্ডিশন এমনই হবে। তবে ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দ্রুত এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা তা পারিনি। বিশেষ করে ব্যাটিংয়েই সমস্যা হয়েছে। আমরা ভালো ব্যাট করতে পারিনি।’ ওয়ান্ডারার্সে হারের পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানো কতটা কঠিন ছিল, সেই প্রশ্নেও নিজেদের প্রস্তুতির ঘাটতির কথা উঠে আসে অধিনায়কের বক্তব্যে। শান্ত বলেন, ‘এটা কঠিন। অবশ্যই কঠিন, তবে ক্রিকেটে এমনটা হতেই পারে।


কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের ভালো পরিকল্পনা নিয়ে দ্বিতীয় টেস্টে নামা প্রয়োজন ছিল। তবে আগেই যেমনটা বলেছি, আমরা শুরুটা ভালো করতে পারিনি। এমনকি বোলিংয়েও আমরা ভালো করতে পারিনি। আর এ কারণেই আমরা ম্যাচটা হেরেছি।’

তবে দল নির্বাচন নিয়েও প্রশ্ন এড়াতে পারেননি শান্ত। অস্ট্রেলিয়া ও আরব আমিরাত সফরে জাকের আলীকে না খেলিয়ে সেঞ্চুরিয়নে তাকে একাদশে রাখা, অথচ মেহেদী হাসান মিরাজকে বাইরে রাখা- এমন সিদ্ধান্তের ব্যাখ্যা চাওয়া হয় অধিনায়কের কাছে। জবাবে শান্ত বলেন, ‘এখানে সিম্প্যাথির কারণে কাউকে দলে নেওয়া হয় না। রেজাল্ট হয়ে গেছে এখন তো অনেক কিছুই মনে হবে যে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। বাট আমার মনে হয় যখন আমরা এই ম্যাচ শুরু করার আগে কম্বিনেশনটা চিন্তা করেছিলাম আমাদের মনে হয়েছিল এটাই বেস্ট পসিবল ইলেভেন। আনফরচুনেটলি ওই জায়গায় জাকের পারফর্ম করতে পারেনি।’

সেঞ্চুরিয়নে চার পেসার খেলিয়েও প্রত্যাশিত ফল পায়নি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৪৯৪ রান তোলার পথে বোলাররা কার্যকর কোনো চাপ তৈরি করতে পারেননি। এ প্রসঙ্গে নাহিদ রানা ও ইবাদত হোসেনের অনুপস্থিতিকে সামনে আনেন শান্ত। শান্তর বক্তব্যে ব্যর্থতার কিছু কারণ উঠে এলেও প্রশ্ন থেকেই যায়- কন্ডিশন জানা থাকার পরও প্রস্তুতিতে ঘাটতি কেন, দল নির্বাচন নিয়ে আগেভাগে যথেষ্ট ভাবনা ছিল কি না, আর গুরুত্বপূর্ণ পেসারদের অনুপস্থিতিতে বিকল্প পরিকল্পনা কোথায়? অস্ট্রেলিয়ায় সাফল্যের পর দক্ষিণ আফ্রিকায় এমন বিপর্যয় শুধু কন্ডিশনের ব্যাখ্যায় শেষ হওয়ার নয়।

অধিনায়ক হিসেবে শান্তর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অজুহাতের বাইরে গিয়ে দলের ব্যর্থতার দায় চিহ্নিত করা এবং পরের সিরিজের আগে তার সমাধানও খুঁজে বের করা।

সমেেয়র আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   শান্ত  অজুহাত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: