প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারা ধরে রাখল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনে পিএসভি আইন্দহোভেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে হোসে মরিনহোর দল। এই জয়ে প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচে শতভাগ জয় পেল স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচের শুরুতে আক্রমণে এগিয়ে ছিল পিএসভি। প্রথম পাঁচ মিনিটেই গোলের দুটি ভালো সুযোগ তৈরি করে ডাচ ক্লাবটি। তবে গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পাওয়া হয়নি তাদের। উল্টো ১১ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসভিকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। প্রথমার্ধে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন এনে ম্যাচের চিত্র পাল্টে দেন মরিনহো। ৪৭ মিনিটে আর্দা গুলারের সহায়তায় সমতা ফেরান ফেদেরিকো ভালভার্দে।
৬০ মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত ভলি রিয়ালকে এগিয়ে দেয়। এরপর ৬৪ মিনিটে পিএসভির রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে। ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি তারকা। ম্যাচের শেষ দিকে বেলিংহামের পাস থেকে গোল করে পাঁচ গোলের জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস।
এদিকে দুবার পিছিয়ে পড়েও হার এড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে নাপোলির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে এঞ্জো মারেস্কার দল। শেষ মুহূর্তে রায়ান চেরকির অসাধারণ গোলে এক পয়েন্ট নিশ্চিত করে স্বাগতিকরা। প্রথমার্ধে দুদলই গোলের সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি। বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায়। ৫৫ মিনিটে বিলি গিলমোরের কাছ থেকে বল পেয়ে রাসমুস হইলুন্দের গোলে এগিয়ে যায় নাপোলি। পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় সিটি।
৬৭ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে জেরেমি ডোকুর পাস পেয়ে নিজের প্রথম শটেই গোল করেন আয়ুব বুয়াদ্দি। এটি সিনিয়র ক্যারিয়ারে তার প্রথম গোল। ১৯ বছর ৫৩ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে গোল করে ম্যানচেস্টার সিটির ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন তিনি।
তবে ৭৬ মিনিটে আবারও এগিয়ে যায় নাপোলি। মাত্তেও পলিতানোর পাস থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন নোয়া ল্যাং। ম্যাচের শেষ দিকে ইলিমান এনদিয়ায়ের পাস পেয়ে বক্সের ডান দিক থেকে অবিশ^াস্য কোণ দিয়ে গোল করেন চেরকি। তার নৈপুণ্যে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে সিটি। চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয়ের সুযোগ হাতছাড়া হলেও পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থান ধরে রেখেছে তারা।
অন্য ম্যাচে মাঠজুড়ে আধিপত্য, একের পর এক আক্রমণ; কিন্তু গোলের সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হলো আর্সেনালকে। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মিকেল আর্তেতার দল।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। ম্যাচের ১০ মিনিটে ভিক্টর ইয়োকেরেসের দুর্দান্ত দূরপাল্লার শটে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৭ মিনিটে জোয়ানে গাদুর দুর্দান্ত আক্রমণের পর বল পেয়ে নিচু শটে গোল করেন ম্যাক্সিমিলিয়ান বায়ার। সমতায় ফেরে অতিথিরা।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে