প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত লিওনেল মেসি, ডি মারিয়াদের দেশ আর্জেন্টিনা। ফুটবলের সেই দেশটির প্রশিক্ষণ পদ্ধতি এবার কাছ থেকে জানার সুযোগ পেল বাংলাদেশের খুদে ফুটবলাররা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আন্তর্জাতিক প্রতিনিধি দলের তত্ত্বাবধানে বিশেষ প্রশিক্ষণ সেশনে অংশ নিয়েছে তারা।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে বাফুফে ভবনের টার্ফে অনুষ্ঠিত হয় ‘ইয়ুথ ফুটবল ক্লিনিক’। ব্যবহারিক এই প্রশিক্ষণে এএফএর তিন সদস্যের প্রতিনিধি দল তরুণ ফুটবলারদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির বাণিজ্যিক পরিচালক মার্টিন তুলা এবং দুই স্পোর্টস ম্যানেজার আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো।
তাদের কাছ থেকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানার পাশাপাশি মাঠে বিভিন্ন কৌশল অনুশীলনের সুযোগ পায় বাংলাদেশের খুদে ফুটবলাররা। মেসি-ডি মারিয়াদের দেশের ফুটবল সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার এই অভিজ্ঞতা তরুণদের জন্য ছিল বিশেষ পাওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এ সময় তরুণদের উৎসাহ দিতে মেসির একটি জার্সি সামনে আনেন বাফুফে সভাপতি। তাবিথ আউয়াল বলেন, ‘আমরা অনেক আর্জেন্টাইন খেলোয়াড়ের নাম বুকে ধারণ করি। আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথাও উঠে আসে তার বক্তব্যে। এমন উদ্যোগের মাধ্যমে দুই দেশের ফুটবল-সম্পর্ক আরও গভীর হলো।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে