প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:১১ এএম

আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল । ছবি : সংগৃহীত
আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল । ছবি : সংগৃহীতবাবা-ছেলে একসঙ্গে খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। এবার একই নিলামে উঠতে পারেন দুজন। আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল নাম লিখিয়েছেন আইপিএল ২০২৭-এর মিনি নিলামে। চূড়ান্ত তালিকায় দুজনের নাম থাকলে আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো একই নিলামে দেখা যাবে বাবা-ছেলেকে।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইপিএলের এই নিলাম। তবে প্রাথমিক তালিকায় নাম থাকলেও দুজনের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া এখনো নিশ্চিত নয়। আগামী ৪ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজিগুলোর বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৪১ বছর বয়সী মোহাম্মদ নবী নিজের ভিত্তিমূল্য নির্ধারণ করেছেন ১ কোটি রুপি। আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই আফগান অলরাউন্ডারের। ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে টুর্নামেন্টে অভিষেক হয় তার। পরে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়েও। আইপিএলে ২৪ ম্যাচে ২১৫ রান করার পাশাপাশি নিয়েছেন ১৫ উইকেট।
অন্যদিকে, ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করেছেন ছেলে হাসান ইসাখিল। গত সেপ্টেম্বরেই আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার। আইপিএলের মতো বড় আসরে দল পাওয়ার সুযোগ তৈরি হলেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার ঘাটতি তার জন্য চ্যালেঞ্জ হতে পারে।
এর আগে, একই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নেমে আলোচনায় এসেছিলেন বাবা-ছেলে। চলতি বছরের জানুয়ারিতে বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে একাদশে খেলেন নবী ও হাসান। ১১ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে বাবার হাত থেকেই অভিষেক ক্যাপ নেন হাসান। এরপর ব্যাট হাতে ৬০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
সেই ম্যাচে চতুর্থ উইকেটে বাবা-ছেলে মিলে গড়েছিলেন ৩০ বলে ৫৩ রানের জুটি। নবী ১৩ বলে করেন ১৭ রান। বিপিএলে একসঙ্গে খেলার অভিজ্ঞতার পর এবার আইপিএলেও একই আসরে জায়গা করে নেওয়ার অপেক্ষায় তারা।
তবে, নিলামে প্রতিযোগিতা হবে বেশ কঠিন। এবারের মিনি নিলামের জন্য নিবন্ধন করেছেন ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাদের মধ্যে বিদেশি ক্রিকেটার ২৮১ জন। ১০টি ফ্র্যাঞ্চাইজি ১৮৪ জন খেলোয়াড় ধরে রাখায় নিলাম থেকে দলগুলোতে নতুন করে সুযোগ পাবেন মাত্র ৬৬ জন। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য খালি রয়েছে মাত্র ২৫টি জায়গা।
এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নিলামে নবীর অভিজ্ঞতা তাকে বাড়তি সুবিধা দিতে পারে। তবে তরুণ হাসানের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া থেকে শুরু করে দল পাওয়া—দুটিই হবে বড় পরীক্ষা।
সময়ের আলো/এসকে