
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত বাংলাদেশ হারতেই পারে, জিততেও পারে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে যেভাবে খেলেছে, সেটি কোনোভাবেই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে মানানসই নয়। জোহানেসবার্গে প্রথম ইনিংসে ৪০০ রান করেও হার, সেঞ্চুরিয়নে দুই ইনিংস মিলিয়ে তিনশ রানও করতে না পারা- দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে নানা দিক থেকে। ব্যাটিংয়ে দায়িত্বহীনতা, বোলিংয়ে কার্যকারিতার অভাব, ফিল্ডিংয়ে সুযোগ নষ্ট এবং প্রত্যাশার চাপ- সব মিলিয়ে দলটি যেন নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতেই পারেনি। সাবেক ক্রিকেটার জাভেদ ওমরের চোখেও বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখানেই। তার মতে, হার-জিত খেলার অংশ, কিন্তু এমন বাজে ক্রিকেট খেলার পেছনে বেশ কিছু কারণ রয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বাংলাদেশের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করতে গিয়ে শুরুতেই দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন জাভেদ। তার বক্তব্য, বাংলাদেশ বিশ্বের এক নম্বর দল নয় যে হারতে পারবে না। কিন্তু হারলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা উচিত। তিনি বলেন, ‘এক বাক্যে যদি বলি, হারতে তো পারে, কিন্তু খুব বাজে ক্রিকেট খেলছে। বাংলাদেশ কি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এক নম্বর দল? না। হারতে পারে, জিততেও পারে। কিন্তু খুব বাজে ক্রিকেট খেলছে। এই বাজে ক্রিকেটের পেছনে নিশ্চয় অনেকগুলো কারণ আছে।’
জাভেদের মতে, বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যে স্বপ্ন দেখছে, সেটিও দলের ওপর বাড়তি চাপ তৈরি করছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর প্রত্যাশা অনেক বেড়ে গেছে। সাধারণ দর্শকদের মধ্যেও বাংলাদেশ ফাইনালে খেলতে পারে- এমন ধারণা তৈরি হয়েছে। কিন্তু একটি বড় দলের বিপক্ষে পাওয়া সাফল্যের পর পরবর্তী সিরিজে একই মানের পারফরম্যান্স ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে। জাভেদের ভাষায়, ‘বাংলাদেশ যে স্বপ্ন দেখছে, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলব, এটার একটা চাপ কাজ করছে। অস্ট্রেলিয়ার সঙ্গে জেতার পর সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। সবাই ভাবছে বাংলাদেশ ফাইনাল খেলবে।’
সিরিজ শেষে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক নাজমুল শান্ত হারের দায় কন্ডিশনের ওপর চাপিয়েছিলেন। তবে কন্ডিশন নিয়ে শান্তর ব্যাখ্যা মানতে নারাজ জাভেদ। দক্ষিণ আফ্রিকার উইকেটে পেস, বাউন্স ও সুইংয়ের চ্যালেঞ্জ থাকবে, সেটি স্বাভাবিক। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবিলা করাই সফরকারী দলের দায়িত্ব।
তার মতে, কঠিন কন্ডিশনের কথা বলা যেতে পারে, কিন্তু সেটিকে ব্যর্থতার অজুহাত বানানোর সুযোগ নেই। জাভেদ বলেন, ‘কন্ডিশন কঠিন ছিল, এটা ঠিক। কিন্তু খেলতে তো হবে। কেউ যদি বলে কন্ডিশন কঠিন, তাই খেলতে পারিনি, এটা লজিক্যাল না। বলতে পারে কন্ডিশন কঠিন ছিল, আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল, আমরা ভালো খেলিনি। এটাই আমার কথা।’
তবে আরেক সাবেক ব্যাটার তুষার ইমরান শান্তর পক্ষই নিয়েছেন। তার মতে, ‘সাব-কন্টিনেন্টের বাইরে বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলা আমাদের জন্য বেশ কঠিন। সেখানকার কন্ডিশনে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। জোহানেসবার্গে খেলার পর সেঞ্চুরিয়নে নামার আগে মাত্র দুদিনের বিরতি ছিল। এই সময়ে ট্রাভেল ছিল, বৃষ্টি ছিল। সবমিলে আমি মনে করি কন্ডিশন এখানে বড় ফ্যাক্ট।’
সেঞ্চুরিয়নে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পেছনে মানসিকতারও ঘাটতি দেখছেন জাভেদ। তার পর্যবেক্ষণ, দক্ষিণ আফ্রিকার বোলাররা যখন বল সুইং করাচ্ছিলেন, তখন ব্যাটারদের উচিত ছিল পরিস্থিতি বুঝে উইকেটে টিকে থাকার চেষ্টা করা। কিন্তু অনেকেই ধৈর্য না ধরে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে উইকেট হারিয়েছেন। অথচ দ্বিতীয় ইনিংসে অন্তত কিছুটা সময় টিকে থেকে প্রতিপক্ষকে চাপে ফেলার সুযোগ ছিল। তার মতে, ‘সুইং যখন হচ্ছে, তখন সারভাইভ করার চেষ্টা করতে হবে। কিন্তু সেটা না করে স্ট্রোক খেলতে গিয়ে আউট হয়ে গেছে।’
নিজের খেলার অভিজ্ঞতা টেনে এনে ব্যাটারদের প্রস্তুতির গুরুত্বও বোঝান সাবেক এই ওপেনার। দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে টিকে থাকতে হলে আগে থেকেই ব্যক্তিগতভাবে প্রস্তুতি নেওয়া দরকার বলে মনে করেন তিনি।
বাংলাদেশের ব্যর্থতার আরেকটি দিক বোলিং। জোহানেসবার্গে ৪০০ রান করার পরও দক্ষিণ আফ্রিকাকে ৫৫৭ রান করার সুযোগ দিয়েছিল। সেঞ্চুরিয়নে চার পেসার খেলিয়েও স্বাগতিক ব্যাটারদের ঠেকানো যায়নি।
চোটের কারণে দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদ ও নাহিদ রানাকে না পাওয়া বোলিং আক্রমণের জন্য বড় ধাক্কা ছিল। তবে জাভেদের সামগ্রিক মূল্যায়নে, শুধু কন্ডিশন বা খেলোয়াড়ের অনুপস্থিতি দিয়ে এই ব্যর্থতার ব্যাখ্যা হয় না। দলকে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই উন্নতি করতে হবে।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে