শুটিংয়ে স্থিতিশীল পরিবেশে খুশি শোভন

মামুন হোসেন

খেলা

শুটিং রেঞ্জে প্রায় দুই দশক পার হয়ে গেছে দেশসেরা শুটার শোভন চৌধুরীর। জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে অসংখ্য সাফল্যের গল্পগাথার

2026-11-26T23:29:56+00:00
2026-11-26T23:29:56+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
খেলা
শুটিংয়ে স্থিতিশীল পরিবেশে খুশি শোভন
মামুন হোসেন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:২৯ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
শুটিং রেঞ্জে প্রায় দুই দশক পার হয়ে গেছে দেশসেরা শুটার শোভন চৌধুরীর। জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে অসংখ্য সাফল্যের গল্পগাথার নায়ক তিনি। ক্যারিয়ারে এ পর্যন্ত ২৬টি আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে তাতে ১০টি পদক জিতেছেন। ২০১০ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত এসএ গেমসে স্বর্ণ জেতা জাতীয় শুটার শোভনের সবশেষ আন্তর্জাতিক সাফল্য আসে ২০২২ সালে জাকার্তায় অনুষ্ঠিত গ্র্যান্ড প্রিক্সে। 

ওই আসরে ৫০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পদক জেতেন। একসময় নিয়মিত ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নেওয়া শোভন এখন ৫০ মিটারের নিয়মিত খেলোয়াড়। ১০ মিটারেও খেলেন। তবে গতকাল থেকে শুরু হওয়া নতুন টুর্নামেন্ট এয়ারগান ওপেনে ৫০ মিটারে খেলবেন।

এয়ারগান টুর্নামেন্ট শুটিং স্পোর্ট ফেডারেশনের নিয়মিত আয়োজনের অংশ। তবে এবারই প্রথম আয়োজিত হচ্ছে উন্মুক্তভাবে, নতুন নামে, ভিন্ন আঙ্গিকে। যা শুটিংয়ে নতুন মাত্রা যোগ করেছে বলে সময়ের আলোকে জানান শোভন। গতকাল এয়ারগান ওপেন টুর্নামেন্টের অনুশীলনে নামার আগে কথা হয় শোভনের সঙ্গে। 

তিনি বলেন, ‘প্রথমে আমি বর্তমান কমিটিকে ধন্যবাদ জানাতে চাই। এয়ারগান টুর্নামেন্টে আমরা বহুবার অংশ নিয়েছি। এবার উন্মুক্ত এয়ারগান টুর্নামেন্টের আয়োজন করেছে ফেডারেশন। এয়ার রাইফেলে যারা নতুন তাদের জন্য এটা একটা নতুন ধরনের সূচনা হলো। এর মধ্য দিয়ে আমরা আরও একটা টুর্নামেন্ট বেশি খেলার সুযোগ পেলাম। আমরা যতবেশি টুর্নামেন্ট খেলব, ততই আমাদের শুটাররা ডেভেলপ করবে।’

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর শুটিং ফেডারেশনের কার্যক্রম এক প্রকার বন্ধই ছিল। কোনো ধরনের টুর্নামেন্ট সেভাবে আয়োজিত কিংবা অনুষ্ঠিত হয়নি। সবাই ব্যস্ত ছিলেন চেয়ার দখল আর রাজপথের আন্দোলনে। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাল্টে যায় সব চিত্র। বিশেষ করে গত জুলাইয়ে বর্তমান অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে আবারও প্রাণ ফেরে ফেডারেশনে। 

এ ব্যাপারে শোভন বলেন, ‘শুটিং স্পোর্ট ফেডারেশনের পরিবেশ এখন অনেক শান্ত, স্থিতিশীল। আমরা শুটাররা কোনো রাজনীতি চাই না। আমরা খেলার মানুষ, খেলায় থাকতে চাই। বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আমাদের কথা ভেবে অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। আমাদের ফেডারেশন এখন রেঞ্জ উন্মুক্ত করে দিয়েছে, যা আগে ছিল না। আমরা এখন সবসময়ই ফেডারেশনে এসে অনুশীলন করতে পারছি। আমরা চাই সবাই কাজ করুক, আমাদের খেলাটা এগিয়ে নিক।’

এয়ারগান ওপেন টুর্নামেন্টের পরই শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। সেখানেই এখন চোখ রাখছেন শোভন। এয়ারগান টুর্নামেন্টটি তাই প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন। তবে এই আসরেও পদক জিততে চান। নিজ দল আনসারকে সাফল্যে রাঙাতে চান। শোভন জাতীয় শুটারের পাশাপাশি বাংলাদেশ আনসারের একজন চুক্তিভিত্তিক (বেতনে) খেলোয়াড়। অনেক দিন ধরেই আনসারের সঙ্গে যুক্ত আছেন। তবে একসময়ের জনপ্রিয় খেলাটি এখন আন্তর্জাতিক আসরে সেভাবে সাফল্য পাচ্ছে না। সবশেষ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও ব্যর্থ ছিলেন শোভনরা।


এ বিষয়ে স্বর্ণজয়ী শুটার বলেন, ‘নানান কারণে আমরা এখন আন্তর্জাতিক আসরে সাফল্য পাচ্ছি না। বর্তমানে ফেডারেশনে আমাদের বড় ভাই, বড় আপুরা আছেন দায়িত্বে। তারা চেষ্টা করছেন। তবে বাস্তবতাও মানতে হবে। মাঝখানে করোনা একটা বড় প্রভাব ফেলেছে। ২০২২ সালের পর আন্তর্জাতিক আসরে অংশ নেয়নি দল। এরপর ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তন। এত বড় পরিবর্তনের পর চেয়ার দখল নিয়ে ঝামেলা। 

টানা ৩-৪ বছর একটা অস্থিতিশীল পরিবেশ শুটিং ইভেন্টটিকে অনেক পিছিয়ে দিয়েছে। তবে আমি আশাবাদী সামনে আমাদের সুদিন ফিরবে।’

শুটিংয়ে দেশি কোচের গুরুত্বের পাশাপাশি বিদেশি কোচের প্রয়োজনীয়তার কথাও স্বীকার করেন শোভন। এ ব্যাপারে তিনি বলেন, ‘বিদেশি কোচ মানে হাইপ্রোফাইল কোচ হতে হবে। কারণ শুটিং কোনো শারীরিক কসরতভিত্তিক গেম নয়, এটা মানসিক খেলা। মনস্তাত্তি¦ক অনেক দিক রয়েছে। সেসব জায়গায় উন্নতি করতে হলে শুটারদের জন্য সুযোগ-সুবিধা থেকে আর্থিক দিক সব নিশ্চিতের প্রয়োজন। এর বাইরে শুটিংয়ের ইকুইপমেন্ট, যা অত্যন্ত ব্যয়বহুল। সেসব নিশ্চিতে ফেডারেশনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। শুটারদের নিজ নিজ ক্লাব, সংস্থা, বাহিনীকে এগিয়ে আসতে হবে।’

শোভন চৌধুরী শুধু একজন স্বর্ণজয়ী জাতীয় তারকাই নন। তিনি একাধারে শিল্পী (মঞ্চ), ব্যবসায়ীও। সম্ভ্রান্ত পরিবারের সন্তান শোভনের বোন মেহনাজ শারমিন মীমও একজন পদকজয়ী জাতীয় শুটার। শুটিংয়ের পাশাপাশি মঞ্চে অভিনয় এবং ব্যবসায়েও সময় ব্যয় করেন। তবে শুটিংটা তার রক্তে মেশা। বিকেএসপির সাবেক এ শিক্ষার্থী বলেন, ‘আমার ব্যবসা কিন্তু শুটিং নিয়েই। আমি ট্রাই করছি যে কীভাবে শুটিং ইকুইপমেন্ট বাংলাদেশে প্রডিউস করা যায়। এই জায়গাটাতে আমরা পিছিয়ে আছি। ভারত শুটিংয়ে আজকে এত ওপরে উঠেছে এর অন্যতম কারণ ওদের ইকুইপমেন্ট ওরাই তৈরি করছে। চায়নাও ওদের ইকুইপমেন্ট তৈরি করছে।

আমরা কিন্তু এখানে অনেক পিছিয়ে। বাংলাদেশ বিশে^র সেকেন্ডতম গার্মেন্টস রফতানি দেশ হওয়া সত্ত্বেও আমরা শুটিংয়ের কোনো পোশাক তৈরি করতে পারছি না। আমি এখন সেটা শুরু করেছি। যা আরও বিশ বছর আগেই করা উচিত ছিল।’

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   শুটিং  শোভন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: